হুমায়ূন রশিদ : বিজিবি জওয়ানেরা হ্নীলা মৌলভী বাজারে অভিযান চালিয়ে পরিত্যক্ত ইয়াবা বড়ি উদ্ধার করেছে। এদিকে মৌলভী বাজারের শক্তিশালী মাদক সিন্ডিকেট ধরা-ছোঁয়ার বাইরে থাকায় মাদকের অপতৎপরতা বন্ধ হচ্ছেনা।
জানা যায়, ২১ অক্টোবর ভোররাত ৩টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হ্নীলা বিওপির সুবেদার মোঃ ইউসুফ আলী গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ টহল দল নিয়ে মৌলভী বাজার অইর পাড়ায় একটি পরিত্যক্ত ভাঙ্গা ঘরে অভিযান চালিয়ে ময়লার ভেতরে অভিনব কায়দায় লুকানো একটি বস্তা উদ্ধার করে। তা ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ২কোটি ১০লক্ষ টাকা মূল্যমানের ৭০ হাজার পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। যা পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া-কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।
এদিকে হ্নীলা মৌলভী বাজারে বিভিন্ন সংস্থার সোর্স, জেলে, মুখোশধারী নেতা, প্রভাবশালীদের সমন্বয়ে একটি শক্তিশালী মাদক সিন্ডিকেট মাদকের চালান খালাস করে পাহাড়ের পাদদেশ মরিচ্যাঘোনা, আলী আকবর পাড়া ও রোজার ঘোনায় স্বজনদের আস্তানায় মওজুদ করে। পরবর্তীতে সুযোগ বুঝে বিপনন ও পাচার কার্য অব্যাহত থাকায় এই সীমান্ত দিয়ে মাদকের অপতৎপরতা কমছেনা বলে জানা গেছে।
