হুমায়ূন রশিদ : হ্নীলায় একটি রোহিঙ্গা ক্যাম্পে স্বশস্ত্র দূবৃর্ত্ত চক্র ছোট ভাইকে অপহরণের চেষ্টাকালে বাঁধা দেওয়ায় বড় ভাই গুলিবিদ্ধ হয়েছে। সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে।
জানা যায়, গত ২৫ এপ্রিল রাত সাড়ে ১০টারদিকে উপজেলার হ্নীলা আলীখালী রোহিঙ্গা বস্তির ২৫নং ক্যাম্পের ডি-বøকের ১১নং রোমের বাসিন্দা লাল মিয়া ওরফে লালুর পুত্র আব্দুল বাসেদকে একদল মুখোশধারী দূবৃর্ত্তদল অপহরণ করে পাহাড়ের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন বড় ভাই অজি উল্লাহ ছোট ভাইকে রক্ষা করার জন্য দা নিয়ে ধাওয়া করে। তখন দূবৃর্ত্তদল নিরুপায় হয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে পাহাড়ের দিকে পালিয়ে যায়। এতে অজি উল্লাহ গুলিবিদ্ধ ও রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে থাকে। স্বজন ও ক্যাম্পে নিয়োজিত নিরাপত্তা বাহিনীর সদস্যরা রক্তাক্ত অজি উল্লাহকে নয়াপাড়া ক্যাম্প হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখান হতে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে ২৬ এপ্রিল সকালে হাসপাতালে মারা যায়।
নয়াপাড়া পুলিশ ক্যাম্পের এসআই আব্দুস সালাম জানান, অজি উল্লাহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মৃতদেহ পোস্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, স্থানীয় আলীখালী, রঙ্গিখালী ও রোহিঙ্গা গ্রæপের অস্ত্রধারী দূবৃর্ত্তরা দীর্ঘদিন ধরে পাহাড়ী আস্তানায় অবস্থান নিয়ে নানা অপতৎপরতা চালিয়ে রোহিঙ্গা ক্যাম্পের পাশাপাশি নিকটবর্তী গ্রামীণ জনপদে মাদক বাণিজ্য,সেবন,অপহরণ ও মুক্তিপণসহ বিবিধ অপকর্ম চালিয়ে আসছে। এই ঘটনাটি উক্ত চক্রের কারসাজি বলে ধারণা করা হচ্ছে।
