হুমায়ূন রশিদ : টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে রোহিঙ্গা অধ্যুষিত হ্নীলায় সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ বিভাগের (সমন্বয়) অতিরিক্ত সচিব একে মহি উদ্দিন আহমেদ। তিনি বলেন, রোহিঙ্গা অনুপ্রবেশ এবং মাদক নির্মূল অভিযানের কারণে স্থানীয় খেটে খাওয়া মানুষের জীবিকায়নের উপর বিরূপ প্রভাব পড়েছে। সরকার স্থানীয় ভূক্তভোগী এসব মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য চিন্তা-ভাবনা করে বিভিন্ন কর্মসুচী হাতে নিতে যাচ্ছে।
জানা যায়, ২ অক্টোবর দুপুর দেড়টায় হ্নীলা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে জনপ্রতিনিধি ও স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় সভা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ এইচকে আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ইউপি সচিব নুরুল হুদার পরিচালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী পরিষদ বিভাগের (সমন্বয়) অতিরিক্ত সচিব একে মহি উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন মন্ত্রী পরিষদ বিভাগের এসএসপি প্রোগ্রামের কনসালটেন্ট ডঃ জহিরুল ইসলাম,টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল হাসান।
এতে বক্তব্য রাখেন হ্নীলা ইউপির ৪নং ওয়ার্ড মেম্বার হোছাইন আহমদ, ৯নং ওয়ার্ড মেম্বার মোঃ আলী ও সংরক্ষিত মহিলা মেম্বার নাসরিন কবির প্রমুখ। এতে বক্তারা রোহিঙ্গা অনুপ্রবেশের ফলে জীবিকায়ন ও চারদিকে পরিবেশগত সংকটাপন্ন পরিস্থিতির বিশদ বিবরণ তুলে ধরেন। প্রতি উত্তরে প্রধান অতিথি বলেন, সরকার সারাদেশে সুষম উন্নয়নে বিশ^াসী। তাই সরকার রোহিঙ্গা অনুপ্রবেশের কারণে উখিয়া-টেকনাফের ক্ষতিগ্রস্থ মানুষের জন্য আয়বর্ধনমূলক কর্মসূচী গ্রহণ করতে যাচ্ছে। কি কি পদক্ষেপ গ্রহণ করলে আপনারা স্থানীয় জনসাধারণ উপকৃত হবেন তা অবহিত করতে হবে। এই বিষয়ে স্থানীয় প্রতিনিধি ও সুশীল সমাজকে অগ্রনী ভূমিকা পালন করে এগিয়ে আসার জন্য নির্দেশনা প্রদান করেন।
