রাজাকার-আলবদরদের তালিকা প্রকাশ করা হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

টেকনাফ টুডে ডেস্ক |

একাত্তরে স্বাধীনতা বিরোধিতা করে মানবতাবিরোধী অপরাধ করা রাজাকার-আলবরদের তালিকা তৈরি এগিয়ে চলছে, অবশ্যই তাদের তালিকা প্রকাশ করা হবে।

রোববার জাতীয় সংসদে নারায়ণগঞ্জ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য একেএম শামীম ওসমানের সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

মন্ত্রী জানান, একাত্তরে জামায়াতে ইসলামী স্বপ্রণোদিতভাবে স্বাধীনতা বিরোধিতা করে মানবতাবিরোধী অপরাধ করেছে। স্বাধীনতাবিরোধীদের একটি তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংরক্ষিত ছিল। কিন্তু ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় আসার পর নিজামী-মুজাহিদরা সুকৌশলে সেই তালিকা সরিয়ে ফেলেছে। তবে আমরা রাজাকার-আলবদরদের একটি তালিকা তৈরি করছি। অবশ্যই তা প্রকাশ করা হবে।

সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবির অন্য এক প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী জানান, বীর মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়নের লক্ষ্যে যাচাই-বাছাই করে তালিকা প্রণয়ন করা হয়েছে। আগামী ২৬ মার্চের মধ্যে মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ একটি তালিকা প্রকাশের চেষ্টা করছি। সেটি না হলেও দ্রুতই- তা প্রকাশ করা হবে।

তিনি জানান, বীর মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়নের লক্ষ্যে সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময়ে যাচাই-বাছাই করে তালিকা প্রণয়ন করা হয়েছে। ওইসব তালিকা পর্যালোচনা করে বিশেষ করে ভারতীয় তালিকা, বেসামরিক গেজেট, শহিদ বেসামরিক গেজেট, সশস্ত্র বাহিনী শহিদ গেজেট, শহিদ বিজিবি গেজেট, যুদ্ধাহত গেজেট,খেতাবপ্রাপ্ত গেজেট, সেনাবাহিনী গেজেট, বিমানবাহিনী গেজেট, নৌবাহিনী গেজেট, নৌ কমান্ডো গেজেট, বিজিবি গেজেট, পুলিশ বাহিনী গেজেট, আনসার বাহিনী গেজেট, স্বাধীন বাংলা বেতার শব্দসৈনিক গেজেট, বীরাঙ্গনা গেজেট, স্বাধীন বাংলা ফুটবল দল গেজেট, ন্যাপ কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়ন বিশেষ গেরিলা বাহিনী গেজেট, লাল মুক্তিবার্তা, লাল মুক্তিবার্তা স্মরণীয় যারা বরণীয় যারা, মুক্তিযোদ্ধাদের ভারতীয় তালিকা (সেনা, নৌ ও বিমানবাহিনী), ভারতীয় তালিকা (পদ্মা), ভারতীয় তালিকা (মেঘনা), যুদ্ধাহত (বর্ডারগার্ড বাংলাদেশ) গেজেট, মুক্তিযোদ্ধাদের ভারতীয় তালিকা (সেক্টর), বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়োজিত/দায়িত্বপালনকারী মুক্তিযোদ্ধা গেজেট, যুদ্ধাহত সেনা গেজেট তালিকা পর্যালোচনা করে এ বছরেরই ২৬ মার্চের মধ্যে তালিকা প্রকাশ করার চেষ্টা করা হচ্ছে।