বিশেষ প্রতিবেদক : টেকনাফ উপজেলার প্রথম প্রতিষ্ঠিত কেজি স্কুল হ্নীলা আলফালাহ একাডেমীর জমিদাতা, উদ্যোক্তা ও বর্তমান গভর্নিং বডির সভাপতি, শিক্ষানুরাগী ও ব্যবসায়ী ফোরকান আহমদ প্রকাশ ফোরকান সাব বুধবার সকাল সাড়ে ৭টায় কক্সবাজারে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাহি রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, একমাত্র ছেলে, ৫ মেয়ে, একাধিক নাতি নাতনি, অসংখ্য আত্মীয় ও গুনগ্রাহী রেখে যান।
মরহুম ফোরকান টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পুর্ব সিকদার পাড়ার মরহুম সিদ্দিক আহমদ প্রকাশ ছিদ্দিক দফাদারের সেঝো ছেলে। টেকনাফ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম ডা.শফিক, তাদের পারিবারিক মার্কেট রুবি মার্কেটের অন্যতম মালিক মৌলভী ফরিদের ছোট ও মোক্তার আহমদ দল্লার বড় ভাই।
টেকনাফ উপজেলার একমাত্র ফাজিল মাদরাসা রংগীখালী দারুল উলুম ফাজিল(ডিগ্রি) মাদরাসা, হ্নীলা শাহ মজিদিয়া ইসলামিয়া আলিম মাদরাসা ও হ্নীলা উচ্চ বিদ্যালয়সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্যের দায়িত্ব পালন করেন।
শুধু শিক্ষানুরাগী নয় তিনি যে একজন বড় মাপের ব্যবসায়ীও ছিলেন সে কথা হয়তো জানেননা অনেকেই। ব্যবসায়ীসহ সর্বমহলে যাকে এক নামে চিনতেন ফোরকান সাব হিসেবে।
সকলে ওনার রূহের মাগফিরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
আজ বুধবার বাদে আছর হ্নীলা আল জামেয়াতুল ইসলামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা মাঠে মরহুম ফোরকান সাহেবের নামাযে জানাযা শেষে হ্নীলা পুর্ব সিকদার পাড়াস্থ পারিবারিক কবরস্থানে দাফন হবে বলে জানিয়েছেন আলফালাহ একাডেমীর অধ্যক্ষ নুরুল হোছাইন ছিদ্দিকী ও মরহুমের জামাতা মাস্টার সিরাজুল ইসলাম মাংগো।
