নিজস্ব প্রতিবেদক :
টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং এলাকায় একটি কুলিং কর্ণারের ভেতর ঘুমন্ত ব্যবসায়ীকে গুলি করেছে দূর্বৃত্তরা। মঙ্গলবার রাত আড়াইটার দিকে “মৌলভী সৈয়দ আলম মার্কেটস্থ” কাদের কুলিং কর্ণারে গুলিবর্ষনের এ ঘটনা ঘটে। এসময় দোকানের ভেতরে ঘুমন্ত ব্যবসায়ী সাইফুল ইসলাম গুলিবিদ্ধ হয়। তাকে আহতাবস্তায় কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।
সাইফুলের পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে সাইফুল কুলিং কর্ণার এর ভিতর ঘুমানোর সময় রাত আনুমানিক আড়াইটার দিকে পূর্ব শত্রুতার জের ধরে মো.
সেলিম প্রকাশ সেলিম ডাকাতের নেতৃত্বে দোকানের গ্রীল ফাক করে গুলি চালানো হয়। এতে গুরুতর আহত হয় সাইফুল। বর্তমানে গুলিবিদ্ধ সাইফুলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার পর স্থানীয় পুলিশ ফাঁড়ির আইসি মাহমুদুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।
এ প্রসঙ্গে তিনি বলেন, ঘটনার সাথে জড়িত মোঃ সেলিম কে যেকোনো মূল্যে আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে স্থানীয় জনসাধারণের সহযোগিতার প্রয়োজন।
উনচিপ্রাং বাজার পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ তাহের নঈম ও সাধারণ সম্পাদক রুহুল আমিন সহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ এ ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন । নেতৃবৃন্দ অনতিবিলম্বে গুলিবর্ষণের ঘটনায় জড়িত মোহাম্মদ সেলিম প্রকাশ সেলিম ডাকাত কে আইনের আওতায় আনার দাবি জানান।
এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
