হিজবুল্লাহর সাথে যুদ্ধ প্রস্তুতিতে ইসরাইলের সামরিক মহড়া

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

টেকনাফ টুডে ডেস্ক : লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ ঘনিয়ে আসছে ইসরাইলের। এমনটাই বিশ্বাস করেন ইসরাইলি কর্মকর্তারা। এ জন্য নিজেদের প্রস্তুত করতে বড় ধরনের সামরিক মহড়া চালিয়েছে দেশটি। ইসরাইলি গণমাধ্যমগুলো বলছে, এই মহড়ার আসল উদ্দেশ্য হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধের পূর্বেই নিজেদের সক্ষমতা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া।

জেরুজালেম পোস্ট জানিয়েছে, হেজবুল্লাহের কথা মাথায় রেখে ৫ দিনব্যাপী সামরিক মহড়া করেছে ইসরাইলি সেনাবাহিনী। গোলান হাইটসে এর আগে তিন মাসজুড়ে প্রশিক্ষণ নেন ইসরাইলি সেনারা। সামরিক মহড়ায় দেখা গেছে, পাথুরে ভূমিতে যুদ্ধ কৌশল রপ্ত করছেন সেনারা। পাশাপাশি হিজবুল্লাহ আক্রমণ করলে শহুরে কেন্দ্রগুলোতে যুদ্ধের কৌশল কী হবে, তাও ঝালিয়ে নিচ্ছেন তারা। এ নিয়ে ৭৪তম ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ওফের তর্জ বলেন, এই মহড়ার প্রস্তুতি ছিল দীর্ঘ সময়ের এবং আমরা এতে জটিল কিছু কৌশলগত অপারেশন নিয়ে কাজ করেছি।
আমরা সব ধরনের আবহাওয়ায় হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি।

হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ হলে ইসরাইল যাতে আগের তুলনায় দ্রুত ও শক্তিশালী প্রতিক্রিয়া দেখাতে পারে সেই সক্ষমতা অর্জনের চেষ্টাই চলছে এই মহড়ার মধ্য দিয়ে। ইসরাইলি কর্মকর্তারা প্রায়ই বলেন, ইসরাইলি সেনাবাহিনীর পর মধ্যপ্রাচ্যের সবথেকে শক্তিশালী সশস্ত্র বাহিনী হচ্ছে হিজবুল্লাহ। ২০০৬ সালে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে বড় ধরনের যুদ্ধ হয়েছিল। এতে ইসরাইলের প্রায় দেড়শ ও লেবাননের এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছিলেন।