আলীকদমে দেয়ানী কার্যবিধি আইনে উচ্ছেদ আদেশ বাস্তবায়ন : ৫ পরিবার আশ্রয়হীন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

টেকনাফ টুডে ডেস্ক : আলীকদম চৈক্ষ্যং ইউপির রেপাড়পাড়ায় উচ্ছেদ মামলায় ৫টি বসতঘর ভেঙ্গে দেয়া হয়েছে। বিবাদী পক্ষের আপিল শুনানী না হতে উচ্ছেদ বাস্তবায়নের ফলে তারা আশ্রয়হীন হয়ে পড়ার দাবী করেছে। বাদী পক্ষ বলছে, উপযুক্ত আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিষ্ট্রেট পুলিশ নিয়ে উচ্ছেদ বাস্তবায়ন করেছেন।

২৭ অক্টোবর বেলা সাড়ে দশটায় রেপাড়াপাড়া বাজার সংলগ্নে প্রধান সড়ক ঘেষে ৫টি বসত ঘর আদালতের আদেশে উচ্ছেদ (ভেঙ্গে) করা হয়। এসব বসত ঘরের মালিকরা জানায়, এর আগে তারা উচ্ছেদের একটি নোটিশ পেয়ে আপিল করেছে। কয়েকদিন পরেই তাদের আপিল শুনানীর তারিখ রয়েছে। এর মধ্যে ২৭ অক্টোবর বান্দরবান থেকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট পুলিশ নিয়ে এসে তাদের দীর্ঘ বছরের বসতঘর গুলো ভেঙ্গে দিয়েছে। এর ফলে উচ্ছেদ হওয়া এসব পরিবার আশ্রয়হীন হয়ে খোলা আকাশের নীচে, কেউ আত্মীয় স্বজনের ঘরে আশ্রয় নিয়েছে।

জানাগেছে, সিনিয়র সহকারী জজ আদালত, অপর মামলা নং-৫৮৮/২০১৫ থেকে উদ্ভুত অপরজারী মামলা নং-০২/২০১৯ মূলে, আলীকদম ২৮৭ নং তৈন মৌজায় হোল্ডিং নং আর/১৯৩ তপশিলের দু’ চৌহদ্দিতে মোট ৩ একর ৮৮ শতক জায়গায় দেয়ানী কার্যবিধি আইনে এই উচ্ছেদ আদেশ দেয়। বিজ্ঞ আদালতের নির্দেশে উচ্ছেদ বাস্তবায়ন করেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (জেলা প্রশাসন কার্যালয় বান্দরবান) মোহাম্মদ মাহমুদুল হাসান।
এই মামলার বাদী (ডিগ্রি প্রাপ্ত) হচ্ছে, জনৈক রহিমা বেগম গং ১১ জন। বিবাদী জনৈক সাব্বির আহমদ গং ১২ জন। উচ্ছেদ হওয়া পরিবারের কয়েকজন নারী পুরুষ জানায়, উচ্ছেদের একটি নোটিশ পেয়ে তারা আপিল করেছে। কয়েকদিন পরেই তাদের আপিল শুনানী, এর মধ্যে উচ্ছেদ বাস্তবায়ন হওয়ায় তারা আশ্রয়হীন হয়ে পড়ার দাবী করেন।