সেন্টমার্টিন পরিবহনের একটি বাস ইয়াবা পরিবহনের অভিযোগে জব্দ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

টেকনাফ টুডে ডেস্ক : চট্টগ্রামে ইয়াবা পরিবহনের অভিযোগে সেন্টমার্টিন পরিবহনের একটি বাস জব্দ করেছে র‌্যাব, গ্রেপ্তার করা হয়েছে বাসের সুপারভাইজারকে।

নগরীর আকবরশাহ থানার কর্নেল হাট এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে কক্সবাজার থেকে ঢাকাগামী শীতাতপ নিয়ন্ত্রিত বাসটি আটক করা হয়।

গ্রেপ্তার মো. পারভেজ হোসেন (৩১) ওই বাসের সুপারভাইজার। তার বাড়ি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি বাতানপাড়ায়।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি মাশকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৩টার দিকে সেন্টমার্টিন পরিবহনের ওই বাস থামিয়ে তল্লাশি চালানো হয়।

“এ সময় সুপারভাইজার পারভেজের পকেট থেকে দুই হাজার ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে বাসের ব্যাটারি বক্সের ভেতর থেকে আরও ৩ হাজার ৮৯০টি ইয়াবা উদ্ধার করা হয়।”

র‌্যাব কর্মকর্তা মাশকুর বলেন, ইয়াবা পরিবহনের দায়ে বাসটি জব্দ করা হয়েছে। যাত্রীদের অন্য একটি বাসে করে ঢাকায় পাঠানো হয়েছে।