টেকনাফ টুডে ডেস্ক : সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ১৪২ রানের লক্ষ্য দিল বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪১ রান করেছে টাইগাররা।
মাহমুদউল্লাহ রিয়াদ-মোহাম্মদ নাঈম-লিটন দাসের ব্যাটে নিউ জিল্যান্ডকে ১৪২ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ ৬ উইকেট হারিয়ে ১৪১ রান করে। ইনিংসের শেষ বলে সোহান আউট না হলে এই রান হয়তো আরও বাড়তো। মাহমুদউল্লাহ ৩২ বলে ৩৭ রান নিয়ে অপরাজিত ছিলেন। তার ইনিংসটি সাজানো ছিল ৫টি চারে। এ ছাড়া মোহাম্মদ নাঈম ৩৯ বলে ৩৯, লিটন দাস ২৯ বলে ৩৩ রান করেন। মুশফিক ০ আফিফ ৩ রানে ফেরেন। সাকিবের ব্যাট থেকে আসে ১২ রান। কিউইদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন রাচিন রবীন্দ্র।
বাংলাদেশ : ১৪১/৬ (২০ ওভার)
৩ রান করে সাজঘরে আফিফ
প্রথম ম্যাচে নামতে হয়নি। আগেই জিতে যায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে নামতে পেরেও রান করতে পারেননি আফিফ হোসেন ধ্রুব। গ্র্যান্ডহোমের বলে লং অনে ধরা পড়েন এজাজ প্যাটেলের হাতে। তার ব্যাট থেকে আসে ৩ বলে ৩ রান।
পারলেন না নাঈম
১৫ ওভার শেষে ১৬তম ওভারের খেলা চলছে। তখনো ৩৮ বলে ৩৯ রান নিয়ে ক্রিজে আছেন ওপেনিংয়ে নামা মোহাম্মদ নাঈম। সুযোগ ছিল হাফসেঞ্চুরি করার। বাগড়া দিলেন রাচিন রবিন্দ্র। একপা বাড়িয়ে মারতে গিয়ে ধরা ব্লান্ডেলের হাতে ধরা পড়েন লং অনে। শেষে পর্যন্ত ৩৯ বলে ৩৯ রান করে ফেরেন সাজঘরে।
৮৯ বলে বাংলাদেশের ১০০
পরপর তিন উইকেট হারানোর ধাক্কা সামলে উঠেছে বাংলাদেশ। এক্সট্রা কাভার ও মিড অফের মাঝে দিয়ে মাহমুদউল্লাহ রিয়াদের দারুণ চারে বাংলাদেশ তিন অঙ্কের ঘর পার করে। সাকিব আউটের পর ক্রিজে আসেন বাংলাদেশ অধিনায়ক, আগে থেকেই ক্রিজে আছে ওপেনিংয়ে নামা মোহাম্মদ নাঈম।
দারুণ শুরুর পর হঠাৎ ছন্দপতন
রাচিন রবীন্দ্রর স্লোয়ারে পরাস্ত লিটন দাস। তার ব্যাট থেকে আসে ৩৩ রান। ব্যাটিং অর্ডারে উপরে এসে পরের বলেই শূন্য মেরে সাজঘরে ফেরেন মুশফিক। দারুণ শুরুর পর যেনো হঠাৎ ছন্দপতন ঘটে বাংলাদেশের ব্যাটিংয়ে। এরপর ক্রিজে এসে সাজঘরে ফেরেন সাকিব আল হাসানও। তার ব্যাট থেকে আসে ৭ বলে ১২ রান। একে একে ফেরেন লিটন-মুশফিক-সাকিব। ৫৯ রানে পতন ঘটে বাংলাদেশের প্রথম উইকেটের। এরপর স্কোরবোর্ডে ১৩ রান না যোগ হতেই আরও ২ উইকেট পড়ে যায়।
দারুণ শুরু করেও ব্যর্থ সাকিব
পজিশনে রদবদল করে চারে আসেন সাকিব। কিন্তু তিনিও খুব একটা কিছু করতে পারেননি। তবে ব্যাটিং শুরু করেছিলেন ভালোভাবেই। কোল ম্যাককনচির ওভারে দুই বাউন্ডারি হাঁকিয়ে বল তুলে দেন লংঅফে। সেখানে থাকা অভিষিক্ত বেন সিয়ার্স দুই বারের চেষ্টায় বলটি তালুবন্দি করেন। ৭ বলে ১২ করে সাজঘরে ফেরেন সাকিব।
মুশফিকের ষষ্ঠ শূন্য
সাকিবের পরিবর্তে তিনে আসেন মুশফিকুর রহিম। কিন্তু দিনটা ভালো ছিল না তার। রাচীন রবীন্দ্রের বলে কট বিহাইন্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি। টি-টোয়েন্টি ক্যারিয়ারে ষষ্ঠবারের মতো রান না করেই ফিরতে হয়েছে এই ব্যাটসম্যানের।
বাইরের বল মারতে গিয়ে আউট লিটন
দশম ওভারের তৃতীয় বলে রবীন রবীন্দ্রকে কাট করতে গিয়ে ব্যাটে বলে হয়নি লিটনের। অফ স্ট্যাম্পের বাইরের বল মারতে গেলে ব্যাটের কানায় লেগে উইকেট ভেঙে যায় লিটনের। তার ব্যাট থেকে আসে ৩৩ রান।
লিটন-নাঈমে দুর্দান্ত বাংলাদেশ
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজসহ নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ওপেনিংয়ে ব্যর্থ ছিল বাংলাদেশ। অবশেষে দুই ওপেনার লিটন দাস-মোহাম্মদ নাইমের ব্যাটে দারুণ শুরু করেছে বাংলাদেশ। এর আগের ৬ টি-টোয়েন্টিতে ওপেনিংয়ে সর্বোচ্চ রান এসেছিল ৪২টি। এবার সেটা টপকে দলীয় ৫০ ছুঁয়েছে বাংলাদেশ।
শূন্য রানে জীবন পেলেন লিটন
শূন্য রানে জীবন পেয়েছেন লিটন দাস। ম্যাককনচির করা ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে পেছনে গিয়ে পুল করেছিলেন; কিন্তু বৃত্তের মধ্যে স্কয়ার লেগে দাঁড়ানো ফিল্ডার গ্র্যান্ডহোম তালুবন্দি করতে পারেননি। পরের বলে সুইপ করতে গিয়ে মিস করেন; বল লাগে পায়ে; তবে স্ট্যাম্পের বাইরে হওয়াতে সাড়া দেননি আম্পায়ার। ক্যাচ তোলার পর এলবিডব্লিউ; দুবারই বেঁচে যান লিটন।
ব্যাটিংয়ে বাংলাদেশ
একদিন না যেতেই নিউ জিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামছে বাংলাদেশ। ৫ ম্যাচ সিরিজের প্রথমটিতে জিতে এগিয়ে আছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। এই ম্যাচে জিততে পারলেই আরও একধাপ এগিয়ে যাবে সিরিজ জয়ের পথে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৪টায় খেলাটি শুরু হয়। প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও বাংলাদেশের লক্ষ্য একটাই; সেটা হলো জয়।
বাংলাদেশ একাদশ: বাংলাদেশ একাদশে কোন পরিবর্তন ঘটেনি। প্রথম ম্যাচের একাদশেই আস্থা রেখেছে টিম ম্যানেজম্যান্ট।
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, আফিফ হোসেন ধ্রুব, নাসুম আহমেদ, সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমান।
