কক্সবাজার প্রতিনিধি |
কক্সবাজার জেলা কারাগারে শহীদ উল্লাহ (৬৫) নামে এক কারাবন্দির পায়ুপথ থেকে ১ হাজার ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
কারা অভ্যন্তরে ঘটনাটি ঘটে রোববার। এ ঘটনায় কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করেছে কারা কর্তৃপক্ষ।
পরে এই ইয়াবা উদ্ধারের ঘটনায়ও তাকে আটক দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আটককৃত শহীদ উল্লাহর বাড়ি মুন্সীগঞ্জে।
কক্সবাজার জেলা কারাগারের জেলার শাহাদাত হোছাইন জানান, আসামির গতিবিধি সন্দেহ হলে বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হয়। পরে বিশেষ কৌশলে তার পায়ুপথে ২৭টি পোটলার অস্তিত্ব পাওয়া যায়। প্রতি পোটলায় ৪০টি করে মোট ১ হাজার ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার বজলুর রশীদ আখন্দ বলেন,বিগত দিনে কারাগারে যে বিষয়গুলো কর্মকর্তাদের নজরে আসেনি, আমরা তা দক্ষতার সঙ্গে বিষয়গুলো চিহ্নিত করে কারারক্ষীদের প্রশিক্ষণ দিয়ে মাদক উদ্ধারে সফলতা আনছি।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ফরিদ উদ্দিন খন্দকার বলেন, কক্সবাজার জেলা কারাগার থেকে ইয়াবা উদ্ধারের বিষয়ে একটি এজাহার পাওয়ার পর তা মাদক আইনে রেকর্ড করে আদালতের মাধ্যমে আসামিকে পুনরায় জেলহাজতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গত ৩১ অক্টোবর টেকনাফে বিজিবি সদস্যরা দমদমিয়া এলাকা হতে শহীদুল্লাহ কে আটক করে পরে তার পায়ুপথে ২৪শ ইয়াবা উদ্ধার করে। পরদিন ধৃত শহীদুল্লাহকে নিয়ে মাদক বিরুধী র্যালীও করা হয়।
