গ্রেফতারের একমাসের মাথায় জামিন পেল সুগন্ধা পয়েন্টে উচ্ছেদে বাধা ও হামলা মামলার আসামী আমিনুল

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago
সুগন্ধা পয়েন্টে উচ্ছেদ অভিযানে হামলা ও বাধা দানের ঘটনায় আটক আমিনুল ..ফাইল ছবি

ডেস্ক নিউজ :

কক্সবাজার সমুদ্র সৈকত এর সুগন্ধা পয়েন্ট উচ্চ আদালতের নির্দেশে ৫২ টি দোকান উচ্ছেদর ঘটনায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশ দোকান মালিক সমিতি কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক, যুবদল নেতা আমিনুল ইসলাম আমিন গ্রেফতারের এক মাসের মাথায় জামিন পেয়েছেন। বুধবার ১৮ নভেম্বর কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল ৫৫৯৪/২০২০ নম্বর ফৌজদারী মিচ মামলা মূলে তাকে জামিন প্রদান করেন। এর আগে গত ১৭ আগস্ট সুগন্ধা পয়েন্টে উচ্চ আদালতের রায়ে উচ্ছেদ অভিযানে গেলে প্রশাসন ও পুলিশের উপর হামলার ঘটনায় ঘটনাস্থল থেকে আটক হয়েছিলেন আমিনুল।

মামলার সংক্ষিপ্ত বিবরণ হলো-সুপ্রীম কোর্টের আপীল বিভাগের আদেশ মতে কক্সবাজার সমুদ্র সৈকত এর সুগন্ধা পয়েন্টে অবৈধভাবে গড়ে তুলে ৫২টি স্থাপনা গত ১৮ অক্টোবর উচ্ছেদ করতে গিয়ে স্থাপনার মালিক, কর্মচারীদের সাথে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক), জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশের সাথে তুমুল সংঘর্ষ হয়। এতে পুলিশ-সাংবাদিকসহ ১০ জন আহত হন। এ ঘটনায় ৫৩ জন এজাহারনামীয় এবং ৮০০ জনকে অজ্ঞাতনামা আসামী করে কউক এর ইমারত পরিদর্শক ডেবিট চাকমা বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। যাহার সদর থানার মামলা নম্বর ৪২/২০২০ ইংরেজি। জিআর নম্বর : ৭৭৬/২০২০ ইংরেজি। মামলায় কক্সবাজার শহরের এন্ডারসন রোডের মৃত আবদুল খালেক ও ফরহাদ আক্তারের পুত্র, বাংলাদেশ দোকান মালিক সমিতি কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন’কে এজাহারে ১০ ক্রমিকের আসামী করে তাকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতে আমিনুল ইসলাম আমিনের জামিন চেয়ে ফৌজদারী মিচ মামলা দায়ের করলে আদালতের বিজ্ঞ বিচারক মোহাম্মদ ইসমাইল শুনানী শেষে আমিনুল ইসলাম আমিনকে তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত জামিন প্রদান করেন।

মামলায় আসামী পক্ষে এডভোকেট নুরুল মোস্তফা মানিক, এডভোকেট শামীম আরা স্বপ্না, এডভোকেট আয়াছুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট জিয়া উদ্দিন আহমদ, এডভোকেট মোহাম্মদ তারেক, এডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী সহ ১১/১২ জন আইনজীবী শুনানীতে অংশ নেন।

অন্যদিকে, রাষ্ট্রপক্ষে পিপি এডভোকেট ফরিদুল আলম শুনানীতে অংশ নেন।