টেকনাফ টুডে ডেস্ক : সীমান্তের টাট্টাপানি এলাকার নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) পাকিস্তানী সেনাবাহিনীর গুলিতে এক সেনা কর্মকর্তাসহ ৬ ভারতীয় সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকেই। আজ মঙ্গলবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগের (আইএসপিআর) মহাপরিচালক জেনারেল আসিফ গফুর এ তথ্য জানান।
পাকিস্তানভিত্তিক গণমাধ্যম ডন’র প্রতিবেদনে জানানো হয়েছে, সম্প্রতি ভারত যুদ্ধবিরতি ভঙ্গ করে পাকিস্তানে হামলা করে। এতে ৭ বছরের শিশুসহ তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়। এরই পরিপ্রেক্ষিতে পাকিস্তান সেনাবাহিনী টাট্টাপানি সেক্টরে ভারতীয় পোস্ট লক্ষ্য করে গুলি চালায়। এতে এক কর্মকর্তাসহ ভারতীয় ৬ সেনা নিহত হয়।
জেনারেল আসিফ গফুর এক টুইট বার্তায় জানায়, ভারতীয় সেনাবাহিনীর গুলিতে পাকিস্তানের তিন বেসামরিক ব্যক্তি নিহত হন। এর মধ্যে একজন সাত বছরের শিশু রয়েছে।
টুইট বার্তায় আসিফ গফুর আরও বলেন, ওই হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের সেনাবাহিনী ভারতীয় পোস্ট লক্ষ্য করে হামলা করে। এতে এক সেনা কর্মকর্তাসহ ৬ ভারতীয় সেনা সদস্য নিহত হয়। এ সময় অনেকে আহত হয়েছে।
এ ছাড়া পাকিস্তানের সেনাবাহিনীর হামলায় ভারতীয় সেনাবাহিনীর দুটি বাঙ্কার ধ্বংস হয়েছে বলেও জানান তিনি।
