নিজস্ব প্রতিনিধি :
কক্সবাজার টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের লেজিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে এক লক্ষ পিস ইয়াবা সহ একজন নারী মাদক কারবারী কে আটক করেছে র্যাব। ধৃত নারী হচ্ছে একই এলাকার হাফিজ উল্লাহর স্ত্রী রুজিনা আক্তার (৩০)। ২৫ সেপ্টেম্বর রাত পৌনে ৮টার দিকে র্যাব-১৫, কক্সবাজার এর একটি চৌকস আভিযানিক দল মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে পালানোর চেষ্টাকালে উক্ত নারী মাদক কারবারীকে ইয়াবার চালান সহ আটক করতে সক্ষম হয় র্যাব। এসময় অপর এক মাদক কারবারী দৌড়ে পালিয়ে যায়।
র্যাব ১৫ কক্সবাজার এর অতিরিক্ত পরিচালক মোঃ আবু সালাম চৌধুরী আজ (২৬ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের বিস্তারিত বর্ণনা দেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের লেজিরপাড়া এলাকার জনৈক মৃত অলি আহমদ এর বসত ঘরের ভিতর কতিপয় মাদক কারবারী মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এসময় র্যাবের একটি চৌকষ দল অভিযান চালিয়ে পালিয়ে যাওয়ার সময় এক নারীকে আটক করে। এসময় ধৃত নারী উল্লেখিত বাড়ীটি তাদের নিজেদের বলে জানায় ও উক্ত বসত ঘরের খাটের নিচে সাদা রংয়ের প্লাষ্টিকের ব্যাগের ভিতর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট মজুদ রয়েছে মর্মে স্বীকার করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক আটককৃত মহিলার দেহ ও বসতঘর তল্লাশী করে খাটের নিচে থাকা সাদা রংয়ের প্লাষ্টিকের ব্যাগের ভিতর হতে সর্বমোট ১,০০,০০০ (এক লক্ষ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায়, সে এবং পলাতক মাদক কারবারী সম্পর্কে ভাই-বোন। তারা বেশ কিছু দিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নানাবিধ অভিনব পন্থায় কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা চালান সরবরাহ/বিক্রয় করে আসছে।
মাদকদ্রব্য ইয়াবা পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে নিজের হেফাজতে বসত ঘরে মজুদ করে এবং পরবর্তীতে মজুদকৃত ইয়াবার চালান স্থানীয় এলাকায় বিক্রয়ের পাশাপাশি তারা আর্থিকভাবে অধিক লাভবান হওয়ার জন্য কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রয় করে আসছিল বলে জানায়।
উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃত ও পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।