টেকনাফ টুডে ডেস্ক : ভারতে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে মিরাজের হ্যাটট্রিকে মালদ্বীপকে ৪-১ গোল ব্যবধানে উড়িয়ে দিয়ে টানা তৃতীয় জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। আর এই জয়ের মাধ্যমে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে ফাইনালে এক পা দিয়ে রাখল লাল-সবুজের প্রতিনিধিত্বকারীরা।
জয় দিয়ে এবারের টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১-০ গোল ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিত্বকারীরা। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও জয়ে চোখ ছিল বাংলাদেশের। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ২-১ গোল ব্যবধানে হারিয়েছে পল থমাস স্মলির শিষ্যরা।
হ্যাটট্রিক জয়ের লক্ষ্যে মালদ্বীপের বিপক্ষে খেলতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। সেই সুবাদে ম্যাচের ১৮তম মিনিটে বাংলাদেশকে প্রথম গোল উপহার দেয় মিরাজ। তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন তিনি। দলের হয়ে তৃতীয় গোলটি রফিকুল গোল করেন।
এ দিকে প্রথমার্ধ শেষ হওয়ার মিনিট তিনেক আগে মিরাজুল নিজের হ্যাটট্রিক ও দলের চতুর্থ গোল করেন। প্রথমার্ধ শেষ হয়েছে ৪-০ গোল ব্যবধানে।
দ্বিতীয়ার্ধের খেলায় গোলের জন্য ক্ষুদ্র প্রয়াস চালায় মালদ্বীপ। অবশ্য এর ফলও পায় তারা। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে একটি গোল করতে সক্ষম হয় তারা। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৪-১ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।
এ জয়ের ফলে টানা তিন জয়ে সর্বোচ্চ ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। এ দিকে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলে দুই নম্বরে রয়েছে নেপাল। ৩ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান স্বাগতিক ভারতের।
