রিয়াজুল হাসান খোকন, বাহারছড়া।
টেকনাফের উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের সড়কের তীব্র ধুলাবালিতে দূষণের অতিষ্ট হয়ে পড়েছে জনজীবন। প্রতিদিনই ধুলার দূষণে শ্বাস জনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে সড়কে চলাচলকারীরা। গত ৫-৬ মাস আগে টেকনাফ বাহারছড়ার শামলাপুর থেকে টেকনাফ সদর পর্যন্ত দীর্ঘ ৩০ কিলোমিটার এলজিইডি আঞ্চলিক সড়কের সংস্কার ও প্রশস্তকরণ কাজ শুরু হলেও শেষ না হওয়ায় এই ভোগান্তির সৃষ্টি হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন যাবত সড়কটি পাকা সলিং না করা ও তার উপর দিয়ে অতিরিক্ত যানবাহন চলাচলের কারণে ধুলাবালির পরিমাণ বেড়েছে বহু গুণ। এতে প্রতিদিনই ছড়িয়ে পড়ছে ধুলার দূষণ এবং নানা রোগে আক্রান্তের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। হুমকির মধ্যে পড়েছে জনস্বাস্থ্য। এ জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান কে দুষছেন সাধারণ মানুষ।
এলজিইডি সড়কের দুইপাশে বাহারছড়া ইউনিয়নের বিভিন্ন এলাকার বাড়িঘর এখন বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। শীতকালের কারণে বাতাসে ধুলাবালির পরিমাণ আরো বেশি হওয়ায় শ্বাসকষ্টজনিত রোগসহ বিভিন্ন ধরনের রোগ-বালাই হওয়ার সম্ভাবনা বেশি বলে মনে করেন স্থানীয়রা। এ থেকে পরিত্রাণ পেতে কর্তৃপক্ষের নজরদারি কামনা করছেন সাধারণ মানুষ।
এ ব্যাপারে টেকনাফ উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আরিফ হোসেন বলেন, বাহারছড়ার বিভিন্ন এলাকায় রাস্তাঘাটে ধুলার পরিমান বেড়েছে এটা সত্য। তবে শীঘ্রই এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
