শেখ হাসিনার জীবনই এখন সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ : কাদের

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

ডেস্ক নিউজ |

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জীবনই এখন সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ বলে মনে করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ আশঙ্কা প্রকাশ করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ হাসিনা।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, ‘এ মুহূর্তে দেশে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ জীবনযাপন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার জীবনই এখন বেশি ঝুঁকিপূর্ণ। বঙ্গবন্ধুকে হত্যার পর বারবার তার জীবনের ওপরই বেশি আঘাত এসেছে। বারবার তাকে হত্যার ষড়যন্ত্র হয়েছে।’ তিনি বলেন, পৃথিবীতে অনেক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। জুলিয়াস সিজার হত্যাকাণ্ড নিয়ে শেক্সপিয়ার লিখেছেন। শেক্সপিয়ার এ হত্যাকাণ্ডকে পৃথিবীর জঘন্যতম হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত করেছেন। শেক্সপিয়ার জীবিত থাকলে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডকেই পৃথিবীর জঘন্যতম হত্যাকাণ্ড হিসেবে আখ্যায়িত করতেন। অনেক রাষ্ট্রনায়ক নিহত হলেও অন্তঃসত্ত্বা নারী ও শিশু খুন হয়নি। বঙ্গবন্ধুর সঙ্গে তার পরিবারের শিশু ও অন্তঃসত্ত্বা নারীদেরও খুন করা হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু আজীবন সততার সঙ্গে দুর্নীতিমুক্ত দেশ গড়তে লড়াই করে গেছেন। তার জীবন থেকে শিক্ষা নিয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দুর্নীতিমুক্ত একটি সুখী-সমৃদ্ধিশালী দেশ গড়তে নিরলসভাবে কাজ করে চলেছেন। পিতা মুজিবের আদর্শ বুকে ধারণ করে তার সুযোগ্য কন্যা অসীম সাহসে এগিয়ে চলেছেন। আমরাও বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করব। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলেছে মন্তব্য করে ক্ষমতাসীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিশ্ব আজ বাংলাদেশকে অনুসরণ করছে। আমরা ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রীর কাজকে এগিয়ে নিয়ে যাব। তিনি বলেন, সাম্প্রদায়িকতা আজ ডালপালা মেলে ছড়িয়ে পড়েছে। এই সাম্প্রদায়িকতার বিষবৃক্ষকে আমরা সমূলে উৎপাটন করেই ছাড়ব।