শুল্ক ফাঁকি দিয়ে পাচারের সময় ১৯১ভরি স্বর্ণের বার ও অলংকারসহ হোয়াইক্যংয়ের এক পাচারকারী আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার র‌্যাব-১৫ এর একটি দল অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে পাচারের সময় ১৯১ভরি স্বর্ণের ও অলংকারাদিসহ হোয়াইক্যং এলাকার এক স্বর্ণ চোরাকারবারীকে আটক করেছে।

১৭ ফেব্রুয়ারী দুপুরে কক্সবাজার র‌্যাব-১৫ সদর দপ্তরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জানানো হয়, গতকাল সকালে মিয়ানমার হতে উখিয়া উপজেলার পালংখালী সীমান্ত দিয়ে স্বর্ণের চালান পাচারের সংবাদ পেয়ে র‌্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল উক্ত এলাকায় বিশেষ চেকপোস্ট তল্লাশী অভিযান শুরু করে। এসময় চেকপোস্ট এলাকা হতে সন্দেহভাজন এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে জিজ্ঞাসাবাদ করে। সে অসংলগ্ন কথা বলে হোয়াইক্যং ইউনিয়নের মনিরঘোনার ঠান্ডা মিয়ার পুত্র করম আলী ওরফে করিম (৩৭) বলে পরিচয় দেয়। এরপর উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে তার দেহ তল্লাশী করে ৬টি স্বর্ণের বার, ৪টি নেকলেস, ৩৩টি গলার চেইন, ১৭টি চুঁড়ি, ৩৫ জোড়া কানের দুল, ১৫টি লকেট, ১২টি নাকফুল এবং ১৬টি আংটিসহ ১৯১ ভরি ৬আনা ওজনের স্বর্ণ পাওয়া যায়। ১ কোটি ২৬লাখ ৯হাজার ৪শ ৫৯টাকা। এই স্বর্ণের চালানের বিষয়ে সে বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায় স্বর্ণলংকারসহ আটক করা হয়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার বিল্লাল উদ্দিন জানান, এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত স্বর্ণসহ ধৃত পাচারকারীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ###