টেকনাফ টুডে ডেস্ক : ফিলিপাইনে সাগরে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। ফেরিটিতে প্রায় ২৫০ জন যাত্রী ও ক্রু ছিলেন।
বুধবার সন্ধ্যায় দেশটির দক্ষিণাঞ্চলীয় বাসিলান প্রদেশে এ ঘটনা ঘটে। স্থানীয় একজন প্রাদেশিক গভর্নর এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার এপি নিউজ এজেন্সি জানায়, আগুন লাগার পর অনেকেই আতঙ্কিত হয়ে ফেরি থেকে লাফ দিয়েছিলেন। পরে উপকূলরক্ষী, নৌ-বাহিনী, অন্য একটি ফেরি ও স্থানীয় জেলেরা তাদের সমুদ্র থেকে উদ্ধার করেন।
দুর্ঘটনার পরপরই ফিলিপাইনের কোস্ট গার্ড ও স্থানীয় জেলেরা উদ্ধার কাজে নেমে পড়েন। কমপক্ষে ১৯৫ জন যাত্রী ও ৩৫ জন ক্রুকে উদ্ধার করা হয়েছে।
বাসিলান গভর্নর জিম সালিমান বলেন, ‘প্রাথমিকভাবে এমভি লেডি মেরি জয়-৩ নামের ফেরিতে থাকা যাত্রীদের মধ্যে আমরা ১৩জনের মৃত্যুর তথ্য পেয়েছিলাম। এরপর ১৮ জনের কথা জানলাম। আর এখন তা ৩১ জনে দাঁড়িয়েছে।’
পুড়ে যাওয়া ফেরিটি বাসিলানের উপকূলে নিয়ে যাওয়া হয়। যেখানে উপকূলরক্ষী কর্মী এবং অন্যান্য কর্তৃপক্ষ পরে যাত্রী কেবিনে ১৮টি মৃতদেহ খুঁজে পায়। জাহাজটির অনুসন্ধান অব্যাহত ছিল।
গভর্নর হাতামান বলেছেন যে, আরও বেশি লোক নিখোঁজ হতে পারে। কারণ জাহাজে যাত্রীর সংখ্যা ২০৫ ছাড়িয়ে গেছে।
তিনি আরও বলেন, ‘সম্ভবত এমন যাত্রী আছেন যারা নিবন্ধন করেননি। জীবিতদের জাম্বোয়াঙ্গা এবং বাসিলানে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।’
