মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বালিগাঁও ইউনিয়নের তুলকাই ব্রিজ উদ্বোধন শেষে মোনাজাত করছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
কোমলমতি স্কুলছাত্রদের তৈরি মানব সেতুতে চড়ে ধৃষ্টতা দেখানোর দায়ে চাঁদপুরের হাইমচর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেনকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার দুপুরে টঙ্গিবাড়ী উপজেলার বালিগাঁও ইউনিয়নের তুলকাই ব্রিজ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, চাঁদপুরের হাইমচর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেন মানব সেতুতে চড়ে যে ধৃষ্টতা দেখিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ সেটা বরদাস্ত করবেনা। দলের প্রধান শেখ হাসিনার নির্দেশে তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ সময় তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, সার্চ কমিটি নিয়ে বিএনপি নিজেদের মধ্যে দ্বিধা-বিভক্ত হয়ে পড়েছে। বিএনপি এখন নিজেরাই নিজেদের বিশ্বাস করে না। তারা একে অন্যকে সন্দেহ করে। একদিকে বিএনপির মহাসচিব বলছেন, সার্চ কমিটি ব্যর্থ হবে। অপরদিকে বিএনপি নেতা মওদুদ আহম্মেদ বলেন, সার্চ কমিটি দিয়ে কিছু একটা হবে।
আমরা বলেছি, দেশের স্বার্থে মহামান্য রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্তের প্রতি আমাদের পূর্ণ সম্মান রয়েছে। আগামী নির্বাচন হবে অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ। আওয়ামী লীগ বিশ্বাস করে আগামী জাতীয় সংসদ নির্বাচন নারায়গঞ্জের মত মডেল নির্বাচন হবে।
তিনি মুন্সীগঞ্জের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য শ্রীনগর উপজেলার ছনবাড়ী থেকে মুন্সীগঞ্জ শহর পর্যন্ত সড়কটির ফোর লেনের ঘোষণা দেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে কাজ শুরু করার নির্দেশ দিয়ে বলেন, পদ্মা সেতু হওয়ার পর মুন্সীগঞ্জ সড়কগুলোতে চাপ বেড়ে যাবে তাই আগে থেকেই এ অঞ্চলের সড়কে উন্নয়নে বিশেষ নজর রয়েছে।
মন্ত্রী বলেন, পদ্মা সেতুর কাজ চলায় ঘনঘন মুন্সীগঞ্জে আসা হয় আমার, তাই মুন্সীগঞ্জ বাসীর সঙ্গে আত্মিক সর্ম্পক হয়েছে। এ জেলার উন্নয়নে যা যা করা দরকার সবাইকে পাশে নিয়ে তা করব।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি, জেলা প্রশাসক সায়লা ফারজানা, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান, মুন্সীগঞ্জ সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ, লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদার, টঙ্গিবাড়ী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এমিলি পারভীন, টঙ্গিবাড়ী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মানিক মিয়া বাচ্চু, জেলা পরিষদের সদস্য আনিচুর রহমান, টঙ্গিবাড়ী সোনারং ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন লিটন মাঝি প্রমুখ।
