নাফনদীতে ভ্রমণে গিয়ে নৌকাডুবি:নিখোঁজ ৩

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

আব্দুস সালাম, টেকনাফ :
ঈদের আনন্দ উপভোগ করতে গিয়ে টেকনাফের নাফনদীতে নৌকা ডুবির ঘটনায় ৩ শিশু-কিশোর নিখোঁজ রয়েছে। এ সময় স্থানীয়রা ১৪ জনকে উদ্ধার করে। ২৭ জুন মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টার দিকে টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ার বাংলাদেশ-মিয়ানমার ট্্রানজিট জেটিঘাট এলাকায় নৌকা ডুবির এ ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড সদস্য তৎপরতা অব্যাহত রেখেছে।
টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা কৃত বড়–য়া জানান, ‘নৌকাডুবির ঘটনা শুনে ঘটনাস্থলে পৌঁছে খোঁজখবর নেওয়া হচ্ছে। আপাতত এ ঘটনায় তিন জন নিখোঁজ রয়েছে।’
টেকনাফস্থ কোস্টগার্ড ষ্টেশনের লে: কমান্ডার জাফর ইমাম সজীব জানান, নিখোঁজদের উদ্ধারে কোস্টগার্ড সদস্যরা তৎপরতা চালিয়ে যাচ্ছে।
নিখোঁজ শিশু-কিশোররা হলো, টেকনাফ পৌরসভা এলাকার ইসলাবাদের মনু মিয়ার ছেলে মোঃ আমিন (৯), মৌলভী পাড়ার মীর আহমদের ছেলে আনোয়ার সাদেক (১৪) এবং নাজিরপাড়ার হামিদ হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (১৫)। নাফ নদীর জেটিঘাট এলাকায় নিখোঁজদের স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ।
স্থানীয়রা জানায়, ঈদ উপলক্ষ্যে নাফ নদীর নতুন জেটি দিয়ে ছোট ছোট কয়েকটি নৌকায় শিশু-কিশোররা ভ্রমণে যায়। এমন একটি নৌকা প্রায় ১৮-২০ জন যাত্রী নিয়ে নাফনদী ভ্রমন শেষে ফেরার পথে জেটির একটি ফিলারে ধাক্কা লাগায়। এতে নৌকাটি উল্টে গিয়ে সব যাত্রী পানিতে পড়ে যায়।এসময় আশেপাশে থাকা স্থানীয়রা অন্যান্যদের উদ্ধার করলেও এখনও নিখোঁজ রয়েছে অন্তত তিন জন।
উদ্ধার হওয়া সাইফুল জানান, ‘ছোট নৌকা করে আমরা মোট ১৭ জন ভ্রমণে বের হই। কিছুক্ষণ পর নৌকাটি ডুবে যায়। এসময় একটি নৌকা আমাদের উদ্ধার করে। বাকিরা কে, কোথায় জানি না।