টেকনাফ টুডে ডেস্ক : জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেছেন জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জিন-পিয়ের ল্যাক্রিক্স। নেদারল্যান্ডস ও রুয়ান্ডার যৌথ আয়োজনে হেগে দুদিনব্যাপী ‘শান্তিরক্ষায় প্রস্তুতিমূলক সম্মেলনে’ শান্তি মিশনে তিনি এ প্রশংসা করেন বলে গত মঙ্গলবার জানিয়েছে হেগের বাংলাদেশ দূতাবাস। খবর: ইউএনবির।
বাংলাদেশ সফরের কথা স্মরণ করে আন্ডার সেক্রেটারি জেনারেল ল্যাক্রিক্স বলেন, সৈন্য ও পুলিশ পাঠিয়ে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
বাংলাদেশের রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত শান্তিরক্ষা প্রশিক্ষণকেন্দ্র বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ের (বিপসট) মানসম্মত প্রশিক্ষণের প্রশংসাও করেন ল্যাক্রিক্স। এ ছাড়া স্বাগতিক দেশের সাধারণ জনগণের নিরাপত্তা প্রদানের ওপর যেন আরও অধিক মনোযোগ দেওয়া হয় সেই আশাবাদও ব্যক্ত করেন তিনি।
এর আগে ডাচ পররাষ্ট্রমন্ত্রী স্টেফ ব্লক, ডাচ প্রতিরক্ষামন্ত্রী আঙ্ক বিজলিভেল্ড ও জিন পিয়ারি ক্যারাব্যারাঙ্গা, নেদারল্যান্ডস ও স্মেইল চেরুগিতে নিযুক্ত রুয়ান্ডার রাষ্ট্রদূত, আফ্রিকান ইউনিয়নের শান্তি ও নিরাপত্তাবিষয়ক কমিশনার যৌথভাবে এ সম্মেলনের উদ্বোধন করেন। শান্তিরক্ষাবিষয়ক প্রস্তুতিমূলক এ সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৭০ দেশ যোগ দেয়। আর সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলকে নেতৃত্ব দেন রাষ্ট্রদূত শেখ মোহাম্মাদ বেলাল।
