ছৈয়দ আলম / হুমায়ূন রশিদ : টেকনাফে এক ইউপি চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা মেম্বারের মৃত্যুজনিত কারণে শূন্য হয়ে যাওয়া পদে আগামী ২৫ জুলাই উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
জেলা নির্বাচন অফিস সুত্র জানায়,গত ১৭জুন স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা অনুযায়ী তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। এতে উপজেলার হ্নীলা ইউপি চেয়ারম্যান ও সাবরাং ইউনিয়নের ১নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার পদে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ৩০ জুন রবিবার রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। ২ জুলাই মঙ্গলবার রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়ন পত্র বাছাই ও ৯ জুলাই মঙ্গলবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ধার্য্য করা হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাচন অফিসার বেদারুল ইসলাম জানান,নির্বাচন কমিশনের দেয়া তফসীল হাতে পেয়েছি। এই চিঠি গেজেট আকারে প্রকাশ করে দ্রæত নির্বাচনের কার্যক্রম শুরু করা হবে। গেজেট হয়ে গেলে আগ্রহী প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিতে পারবেন।
উল্লেখ্য, গত বছরের ১৮ অক্টোবর সকাল সাড়ে ১১টায় টেকনাফ উপজেলা পরিষদ এলাকায় হার্টস্ট্রোক হৃদরোগে আক্রান্ত হয়ে সাবরাং ইউনিয়নের (১, ২ ও ৩নং ওয়ার্ডের) সংরক্ষিত মহিলা মেম্বার আয়েশা বেগম ইন্তেকাল করেন। স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ বিধিমালা অনুযায়ী উক্ত মহিলা মেম্বারের সংরক্ষিণ আসনটি সংশ্লিষ্ট মন্ত্রণালয় শূন্য ঘোষণা করেন।
অপরদিকে চলতি বছরের গত ১৮ মার্চ সন্ধ্যায় উপজেলা পরিষদ নির্বাচনের সাবরাং বাজারে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য কক্সবাজার যাওয়ার পথে তিনি মৃত্যু বরণ করেন। এইচকে আনোয়ারের মৃত্যুজনিত কারণে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ বিধিমালা অনুযায়ী কক্সবাজার জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন গত ২৪ এপ্রিল ১২৪ নম্বর স্মারকমূলে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগে চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণার জন্য পত্র প্রেরণ করেন। স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-১ শাখার উপসচিব মোঃ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত ১৫.২১৩ নম্বর স্মারকে চলতি বছরের গত ১০জুন জারীকৃত এক আদেশে ২০০৯ সালের ইউনিয়ন পরিষদ আইনের ৩৩ (৩) ধারা অনুযায়ী হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষনা করেন। এবং আপদকালীন প্যানেল চেয়ারম্যান-১ আবুল হোছনকে যাবতীয় আর্থিক লেনদেন ও প্রশাসনিক দায়িত্ব প্রদান করে জেলা প্রশাসককে পত্র প্রেরণ করেন। এই দুই জনপ্রতিনিধির মৃত্যুর ফলে শূন্য ঘোষণা করা হ্নীলা ইউপি চেয়ারম্যান ও সাবরাং ১নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা মেম্বার পদে উপনির্বাচন আগামী ২৫জুলাই তারিখ অনুষ্ঠিত হবে।
এছাড়া জেলার মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের ২নং সংরক্ষিত মহিলা ওয়ার্ড, কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়ন, চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউপি চেয়ারম্যান এবং কৈয়ার বিল ইউপির ৯নং ওয়ার্ড সাধারণ পুরুষ মেম্বার পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
