হুমায়ূন রশিদ : টেকনাফে মিয়ানমার হতে আনার সময় বিজিবি জওয়ানেরা রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন মাঠ হতে আড়াই লাখ পিস ইয়াবার চালান জব্দ করেছে।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) জানান, ২০ ডিসেম্বর (রবিবার) রাতের প্রথম প্রহরের দিকে টেকনাফের লেদা বিওপির বিশেষ টহল দল মিয়ানমার হতে মাদকের একটি বড় চালান আসার সংবাদ পেয়ে ছ্যুরিখাল সংলগ্ন লবণ মাঠে অবস্থান নেয়। কিছুক্ষণ পর দুইজন ব্যক্তি ২টি বস্তা কাঁধে নিয়ে মোচনী গ্রামের দিকে আসতে দেখে তাদের ধরার জন্য বিজিবি টহল দল অগ্রসর হয়। তখন বিজিবির উপস্থিতি টের পেয়ে দূবুর্ত্তরা কুয়াশা ও অন্ধকারের সুযোগে মোচনী গ্রামে প্রবেশ করে। ঘটনাস্থল তল্লাশী করে ২টি প্লাস্টিকের বস্তা পাওয়া গেলেও কোন কারবারীদের আটক করা যায়নি। পরে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে সাড়ে ৭ কোটি টাকা মূল্যের ২লাখ ৫০হাজার ইয়াবা পাওয়া যায়।
জব্দকৃত এসব ইয়াবা পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। ###
