টেকনাফ টুডে ডেস্ক : চিত্রনায়িকা হিসেবে তিনি প্রশংসিত হন ‘জিরো ডিগ্রি’ এবং ‘৭১ এর সংগ্রাম’ ছবিতে কাজ করে। কলকাতায় পরমব্রতের সঙ্গে তিনি ‘গ্ল্যামার’ নামক ছবিতে কাজ করেও আলোচিত হন। ‘৭১-এর সংগ্রাম’ ছবিটি করতে গিয়ে বৃটিশ পরিচালক মুনসুর আলীর সঙ্গে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে রুহীর।
২০১৪ সালের সেপ্টেম্বরে বিয়ে করেন তারা। এরপর থেকে লন্ডনেই থাকেন রুহী। তবে সেখানে থাকলেও দেশীয় সংস্কৃতিকে ধারণ ও লালন করে গেছেন সব সময়। এরই মধ্যে দুই পুত্র সন্তানের গর্বিত জননী হয়েছেন। তার সন্তানেরা স্কুলে যাওয়া শুরু করেছে। সম্প্রতি মধ্যে রুহী দেশে ফিরেছেন। বিভিন্ন ঐতিহ্যবাহী জায়গা ঘুরে বেড়াচ্ছেন তিনি। এর ফাঁকেই গতকাল মানবজমিনের সঙ্গে কথা হলো তার। এবারের সফরটা কেমন উপভোগ করছেন? রুহী বলেন, অনেক দিন পর দেশে ফিরেছি। করোনা পরিস্থিতির কারণে লন্ডন থেকে দেশে আসা হয়নি। তবে আমি মুখিয়ে ছিলাম কবে দেশে আসবো। আমার দুই ছেলের স্কুল শুরু হয়েছে লন্ডনে। এই ফাঁকে আমি চলে এলাম দেশে। বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি। পরিকল্পনা কী? এ চিত্রনায়িকা বলেন, আমার পরিকল্পনা দীর্ঘ। গত বছর লন্ডনে আমি একটি মিউজিক ভিডিও পরিচালনা করেছি। সেখানে থাকাকালীন
বেশকিছু গল্প লেখাও শেষ করেছি।গল্পগুলো নিয়ে সামনে কাজ করতে চাই। দু’টি ছবি নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ ছবিগুলো পরিচালনাও আমি করবো। এরইমধ্যে ‘শুকতারার বিলেত ভ্রমণ’ নামক সিনেমার চিত্রনাট্যের কাজ শেষ করেছি। পরিচালনার পাশাপাশি এর নাম ভূমিকায় অভিনয়ও করবো আমি। বাংলাদেশ ও লন্ডনে শুটিং হবে ছবির। এখন প্রি- প্রোডাকশনের কাজ চলছে। ছবির লুক এর ফটোসেশনও হয়েছে। দ্রুতই এর শুটিং শুরু করবো। অনেকে মনে করেন গ্রামীণ চরিত্রে আমাকে ভালো মানায় না। সেক্ষেত্রে এটাও আমার জন্য অনেক বড় একটি চ্যালেঞ্জ। ছবিতে প্রযোজক হিসেবে দু-একজন পার্টনারও নেয়ার পরিকল্পনা রয়েছে। তাছাড়া ভালো গল্প ও চরিত্র পেলে অন্যের পরিচালনায়ও কাজ করবো। রুহী যোগ করেন, আমাদের দেশে অনেকের মাঝেই বদ্ধমূল ধারণা রয়েছে যে, মেয়েরা বিয়ের পর কিংবা সন্তান জন্মের পর কাজ করতে পারে না। নানা ধরনের কটূক্তি ও বাধার সম্মুখীনও হতে হয়। আমি মনে করি প্রতিটি বয়স ও সময়ের আলাদা সৌন্দর্য রয়েছে। আর সেখান থেকে প্রতিটি নারীই ইচ্ছা করলে, আত্মবিশ্বাস থাকলে তার নিজের জায়গাগুলোতে সফল হতে পারেন। আমি চাই আমাদের দেশের নারীরাও এই বদ্ধমূল ধারণা থেকে যেন বের হতে পারে। অনেক বাধা আসবে, তবে এগিয়ে যেতে হবে নিজের মতো করে। এবারে রুহীর সফরটা বাংলাদেশে কতদিনের? এ অভিনেত্রী বলেন, অক্টোবর পর্যন্ত আছি। তবে এখন থেকে যাওয়া-আসার ভেতর থাকবো। কারণ আমার প্রজেক্টগুলোকে এগিয়ে নিতে চাই। নিজের স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেয়ার চেষ্টা করবো।
