রাশিয়ায় ১২ দিন পর আক্রান্তের সংখ্যা ১০ হাজারের নিচে!

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

টেকনাফ টুডে ডেস্ক : সারা বিশ্বে মহামারি রূপ নেওয়া করোনাভাইরাসের প্রকোপ গত এপ্রিলের শুরুতেও অনেকটা কম ছিল রাশিয়ায়। কিন্তু গত কয়েক সপ্তাহে আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ায় ওয়ার্ল্ডোমিটারের তালিকায় এখন তৃতীয় অবস্থানে আছে দেশটি।

গত ১২ দিন পর আজ বৃহস্পতিবার রাশিয়ায় এক দিনে মোট আক্রান্তের সংখ্যা ১০ হাজারের নিচে নেমেছে। গত ২ মের পর থেকে আক্রান্তের সংখ্যা দ্রুত গতিতে বেড়েছে বলে সংবাদ প্রকাশ করেছে রাশিয়ার বার্তা সংস্থা তাস।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া সংক্রমণের হার ৪ দশমিক ৩ শতাংশ থেকে কমে ৪ দশমিক এক হয়েছে। গতকাল একদিনে আক্রান্ত হয়েছে ৯ হাজার ৯৭৪ জন।

সংক্রমণের দিক থেকে তৃতীয় অবস্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত দুই লাখ ৫২ হাজারের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। তবে দেশটিতে আক্রান্তের তুলনায় মৃত্যুর হার কম। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে দুই হাজার ৩০৫ জনের।

প্রসঙ্গত, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।