নীতিশ বড়ুয়া,রামু:রামুতে নিম্ম আয়ের মানুষের মধ্যে স্বল্পমূল্যে সরবরাহের লক্ষ্যে শনিবার থেকে সরকারিভাবে খোলা বাজারে (ওএমএস) চাল বিক্রি শুরু হয়েছে । শুরুতে রামু উপজেলা সদরে ৩০ টাকা কেজি দরে আতপ চাল বিক্রি হচ্ছে। একজন ক্রেতা পাঁচ কেজি করে এ চাল নিতে পারছেন। ২৩ আগষ্ট সকাল ১১টায় আনুষ্ঠানিক ভাবে ওএমএস কার্যক্রমের শুভ উদ্বোধন করেন রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম ও উপজেলা নির্বাহী অফিসার মোহা. শাহাজান আলি। এসময় উপজেলা খাদ্য কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব আলী, ওএমএস কমিটির নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকতা, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম বলেন, শেখ হাসিনার সরকার সাধারণ মানুষের মধ্যে অপেক্ষাকৃত কম দামে চাল সরবরাহের জন্য ওএমএসের চাল বিক্রি শুরু করেছে। এর ধারাবাহিকতায় রামুতে প্রাথমিক পর্যায়ে উপজেলা সদরে এ কার্যক্রম চালু করা হয়। পর্যায়ক্রমে উপজেলার প্রত্যেক ইউনিয়নে এ কার্যক্রম চালু হবে বলে আশা করছি। এতে খোলা বাজারে চালের দাম কমে আসবে। তিনি বলেন, কিছু অসাধু চাল ব্যবসায়ি গত কয়েক দিনে বাজারে চালের দাম বৃদ্ধি করার প্রেক্ষিতে সাধারণ খেটে খাওয়া মানুষের সুবিধার্থে সরকার ওএমএসের চাল বিক্রির উদ্যোগ নিয়েছে।
রামু উপজেলা নির্বাহী অফিসার মোহা. শাহাজান আলি বলেন, শনিবার হতে বৃহস্পতিবার সপ্তাহে ছয় দিন রামু উপজেলার ছয়টি পয়েন্টে ওএমএস এর চাল বিতরণ করা হবে। কেজি ৩০ টাকা মূল্যে প্রতিজন সর্বোচ্চ ৫ কেজি করে এ চাল ক্রয় করতে পারবেন। প্রতি শনিবার হতে সোমবার উপজেলা পরিষদ গেইট, হাজারীকুলস্থ সিপাহী পাড়া রাস্তার মাথা ও পশ্চিম মেরংলোয়া বাইপাস ষ্টেশন এবং মঙ্গলবার হতে বৃহস্পতিবার চেরাংঘাটা, ফকিরাবাজার ও রামু কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় চাল বিতরণের পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। সকাল ৯টা হতে বিকাল ৫ টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।
