যুক্তরাষ্ট্রে বাঘ করোনায় আক্রান্ত !

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

টেকনাফ টুডে ডেস্ক : মহামারি করোনাভাইরাসে এবার আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রের চিড়িয়াখানায় থাকা একটি বাঘ। দেশটিতে এই প্রথম কোনো পশু এ ভাইরাসে আক্রান্ত হলো। নিউইয়র্কের ব্রঙ্কস চিড়িয়াখানায় থাকা একটি বাঘ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে চিড়িয়াখানার বন্যপ্রাণি সংরক্ষণ সমিতি।

কর্তৃপক্ষের বরাত দিয়ে মার্কিন সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল সিএনএন জানায়, ৪ বছর বয়সী মালায়ান বাঘটির শুকনো কাশি হচ্ছিল। সেইসঙ্গে ক্ষুধা কমে গিয়েছিল তার। চিকিৎসার জন্য তাকে জাতীয় ভেটেরিনারি সার্ভিস ল্যাবরেটরিতে নেওয়া হয়। পরে সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা করা হলে করোনাভাইরাস ধরা পড়ে।

কর্তৃপক্ষ জানিয়েছে, যে ব্যক্তি এই বাঘের রক্ষণাবেক্ষণ করতেন তার কাছ থেকে বাঘের মধ্যে এই ভাইরাস সংক্রমিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এটি জানা যায়নি যে ভাইরাসটি কীভাবে বিকশিত হবে, তাই সংক্রমণের বিষয়ে বিভিন্ন প্রতিক্রিয়া দেখাতে পারে, তবে আমরা তাদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব এবং সুস্থ্য করার সম্পূর্ণ চেষ্টা করব।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে গত ১৬ মার্চ থেকে অস্থায়ীভাবে ব্রঙ্কস চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হয়েছে।

এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত যে কাউকে পোষা প্রাণীসহ প্রাণীদের সঙ্গে যোগাযোগ কমিয়ে আনার পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ)।