বিশেষ প্রতিবেদক : টেকনাফ মেরিন ড্রাইভে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম’র (ডব্লিউএফপি) পাজেরোর ধাক্কায় প্রাণ গেলো কিশোরীসহ সিএনজি চালকের। মূমূর্ষ অবস্থায় দুই জনকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকাল ১০টার দিকে সদর ইউনিয়নের দরগার ছড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলো, সাবরাং নয়াপাড়ার বাসিন্দা জমির আহমদর ছেলে সিএনজি ড্রাইভার মোঃ সাদেক (২৭) ও জালিয়া পাড়ার মাহফুজা (১৬) বলে প্রাথমিক ভাবে জানা যায়।
প্রত্যক্ষদর্শী সূত্র জানাযায়, যাত্রবাহী কক্সবাজারগামী একটি সিএনজি টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে সদর ইউনিয়নের দরগারছড়া এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা ডাব্লিএফপির একটি পাজেরোর সাথে মুখোমুখি ধাক্কা লাগে। এতে পাজেরোটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে নেমে যায় এবং সিএনজিটি ধুমরে মুচড়ে পার্শ্ববর্তী বিলে পড়ে যায়। ঘটনাস্থলে সিএনজি চালক ও এক কিশোরীর মৃত্যু হয়। আরো দুইজনকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, সংবাদ পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনী প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
