মঠে হামলা চালিয়ে ৩১ জনকে হত্যা মিয়ানমার সেনাবাহিনীর

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

টেকনাফ টুডে ডেস্ক : মিয়ানমারের দক্ষিণাঞ্চলীয় শান প্রদেশের এক আশ্রমের অন্তত ৩১ জনকে হত্যা করেছে দেশটির সেনাবাহিনী। মিয়ানমারের এক বিদ্রোহী গোষ্ঠী এ দাবি করেছে। খবর বিবিসির।

কারেনি ন্যাশনালিটিস ডিফেন্স ফোর্স (কেএনডিএফ) জানিয়েছে, সেনারা গত শনিবার নান নেইন গ্রামে গোলাবর্ষণ চালিয়েছে।
কেএনডিএফ-এর পক্ষ থেকে দাবি করা হয়েছে, গোলাবর্ষণের পর স্থানীয় সময় শনিবার বিকেল চার টার সময় মিয়ানমার বিমান ও গোলন্দাজ বাহিনী গ্রামটিতে প্রবেশ করে। এরপর আশ্রমের ভেতরে লুকিয়ে থাকা গ্রামবাসীদের হত্যা করে।

গোষ্ঠীটির পক্ষ থেকে বলা হয়েছে, তারা অন্তত ৩০ বেসামরিক ও তিনজন বৌদ্ধ ভিক্ষুকে হত্যা করেছে।

কান্তারাওয়াদ্দি টাইমসের প্রতিবেদনে দেওয়া উদ্ধৃতিতে কেএনডিএফ এর মুখপাত্র বলেছেন, মঠের সামনে এনে লাইন ধরে দাঁড়াতে বাধ্য করেছে সামরিক বাহিনী। এরপর তারা ভিক্ষুদেরসহ সবাইকে নৃশংসভাবে গুলি করে হত্যা করে।

এই ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে কেএনডিএফ। সেখানে অন্তত ২০টি মৃতদেহ দেখা গেছে। মঠের পাশে স্তূপ করে রাখা ছিল লাশগুলো।

দুই বছর আগে অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারে ক্ষমতা দখলে নেয় জান্তা বাহিনী। এরপর থেকে দেশটিতে সহিংসতা বেড়েই চলেছে। বিশেষ করে সশস্ত্র বাহিনী ও মিয়ানমারের সেনাবাহিনীর সংঘর্ষ লেগেই আছে।