বিজ্ঞানীরা পৃথিবীর বাইরে প্রাণের সন্ধানে

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

টেকনাফ টুডে ডেস্ক : পৃথিবীর বাইরে প্রাণের খোঁজে বিজ্ঞানীদের গবেষণা এখন তুঙ্গে। এতদিন বিজ্ঞানীদের ধারণা ছিল, দূর মহাকাশের কোনো নক্ষত্রমণ্ডলে প্রাণ ধারণের উপযোগী গ্রহ থাকলেও থাকতে পারে। কিন্তু বর্তমানে বিজ্ঞানীরা জেনে গেছেন, এই সৌরজগতেই মিলতে পারে প্রাণের নজির।
সম্প্রতি সায়েন্স জার্নাল নেচার কমিউনিকেশনে প্রকাশিত এক গবেষণাপত্রে বলা হয়, শনির উপগ্রহ এনসেলাডাসে প্রাণের সম্ভাবনা বেশ জোরালো বলে মনে হচ্ছে! বরং প্রাণ না থাকাটাই গবেষকদের হতাশ করবে!
ওই প্রবন্ধে বলা হয়, মেথানোথার্মোকক্কাস (Methanothermococcus) নামে পৃথিবীতেই এক ধরনের প্রাণী রয়েছে। যা গভীর সমুদ্রে বাস করে। ওই প্রাণীগুলো গভীর পানিতে বসবাসের উপায় হিসেবে কার্বন ডাই অক্সাইড ও হাইড্রোজেনকে মিথেনে পরিণত করে থাকে।
গবেষকেরা জানিয়েছেন, এনসেলাথাসের পাথুরে পরিবেশে এই প্রাণীরা বেশ ভালোভাবেই বেঁচে থাকতে সক্ষম। ফলে গবেষকদের অনুমান, পৃথিবীর হাইড্রোজেন নিয়ে যদি এই প্রাণী বেঁচে থাকতে পারে তবে ভিনগ্রহের বৈরি আবহাওয়ায় প্রাণ না থাকার কোনো কারণ নেই।
সেই সুত্র ধরেই গবেষণাপত্রে বলা হয়, শনির উপগ্রহ এনসেলাডাসের মতো হাইড্রোজেন যুক্ত গ্রহে প্রাণ না থাকার কোনো কারণ তারা দেখছেন না। যদিও শনির শীতল ওই উপগ্রহে সত্যিই প্রাণ রয়েছে কি না সে সম্পর্কে এখনও কোনো শক্ত প্রমাণ মেলেনি।
অবশ্য প্রাণ থাকলেও সেখানে মানুষে মতো বুদ্ধিমান প্রাণীর বদলে ক্ষুদ্র অণুজীব থাকার সম্ভাবনাই বেশি! এমনটাই মত দিয়েছেন গবেষকেরা।