টেকনাফ টুডে ডেস্ক : কারাগারে আটক বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিমের পরিবারের খোঁজ খবর নিয়েছেন দলটির সিনিয়র নেতারা। আজ শুক্রবার রাজধানীর ইস্কাটনে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা সেলিমুজ্জামান সেলিমের বাসায় যান তারা।
এ সময় সেলিমের পরিবারের সদস্যদের সাহস ও সান্ত্বনা দেওয়ার পাশাপাশি তাদের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন দলটির সিনিয়র নেতারা।
সেলিমের পরিবারের সঙ্গে দেখা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিএনপির চলমান শান্তিপূর্ণ আন্দোলনে ভীত হয়ে এই সরকার আরও বেপরোয়া ও ভয়ংকর হয়ে উঠছে। তবে যতই নির্যাতন করুক, মিথ্যা ও গায়েবি মামলা দিক, গ্রেপ্তার করুক, তাদের শেষ রক্ষা হবে না। শুধু বিএনপির নেতাকর্মী নয়, এবার সারাদেশের জনগণ রাস্তায় নেমেছে। এই সরকারের পতন হবেই।
টুকুর নেতৃত্বে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, সহ শিক্ষা সম্পাদক আনিসুর রহমান খোকন, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদসহ আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন।
ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে গত বছরের ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সেলিমুজ্জামান সেলিম দলীয় কার্যালয়ে অবস্থান করছিলেন। সংঘর্ষের পরে কার্যালয়ের ভেতর থেকে তাকেসহ অনেক সিনিয়র নেতাকে আটক করে পুলিশ।
