টেকনাফ টুডে ডেস্ক : বাংলাদেশের সমর্থকরা রোমাঞ্চিত ছিলেন। বাংলাদেশের মেয়েরা খেলতে এসেছে আর তাদের সমর্থন না দিলে কি চলে! তাইতো টিকিট না পেয়েও স্টেডিয়ামের বাইরে জড়ো হয়েছিলেন শতশত প্রবাসী বাংলাদেশি। তাদের হতাশ করেননি অনূর্ধ্ব-১৭ বাংলাদেশ নারী দল। এএফসি নারী চ্যাম্পিয়নশিপের ম্যাচে রোববার তারা সিঙ্গাপুরকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে।পরবর্তী রাউন্ডে যেতে হলে বাংলাদেশকে আজ জিততেই হতো। কারণ ড্র করলে স্বাগতিক সিঙ্গাপুর ও বাংলাদেশের পয়েন্ট সমান চার হয়ে যেতো। তখন গোল ব্যবধানে এগিয়ে থাকায় সিঙ্গাপুর পরবর্তী রাউন্ডে খেলার সুযোগ পেত। তবে সিঙ্গাপুরকে সেই সুযোগ দেয়নি বাংলাদেশের মেয়েরা।বাংলাদেশ ম্যাচের ২১ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে। প্রথমার্ধ শেষে এই ফলই ছিল। ৫৫ মিনিটে আবার পেনাল্টি থেকে গোল আসে। ৬২ মিনিটে বাংলাদেশের ব্যবধান ৩-০ করে ফেলে। পেনাল্টি থেকে দুটি গোল করেন সুরভী আকন্দ প্রীতি। আর তৃতীয় গোলটি সুলতানা আক্তারের। প্রতিটি গোলে উচ্ছ্বাসে মাতোয়ারা হয়েছেন সমর্থকরা।
