৯সেপ্টেম্বর ২০২৫ইং সকাল ১০টায় বেসরকারী উন্নয়ন সংস্থা এ্যাকশন এইডের উদ্যোগে টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জ কনফারেন্স রুমে মাসিক মাসিক কো-অর্ডিনেশন মিটিং সিআইসি এম এ হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ১৬এপিবিএনের ক্যাম্প কমান্ডার, ইউএনএইচসিআরের জামাল উদ্দিন, এনজিও ফোরামের নুর নবী, বিশ্ব খাদ্য কর্মসুচীর মনিরুল ইসলাম, হ্যান্ডিক্যাপের দোস মোহাম্মদ, রোহিঙ্গা লিডার মোস্তাফিজুর রহমান প্রমুখ। এতে ক্যাম্পের নিরাপত্তা ও শৃংখলা রক্ষা, ক্যাম্প এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা, রাস্তায় অবৈধ বাজার বসানো, অটোরিক্সা ও সিএনজির অবাধ চলাচল, রোহিঙ্গাদের রেশনের পণ্য অবৈধভাবে কেনাবেচা বন্ধ ও কাঁটাতার মেরামত ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। সভায় এপিবিএন পুলিশের পক্ষ থেকে ক্যাম্পে অপরাধ প্রবণতা বৃদ্ধির কারণ ও তা মোকাবিলার উপায় তুলে ধরা হয়। সভা শেষে তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে সিআইসির নেতৃত্বে প্রায় ঘণ্টাব্যাপী উচ্ছেদ অভিযানে ক্যাম্প এলাকার প্রধান সড়কের ৪০টির মতো অবৈধ দোকানপাট সরিয়ে ফেলা হয়। নিরাপত্তা ও শৃংখলা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।##
