টেকনাফ টুডে ডেস্ক : তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘উন্নয়ন-অগ্রগতিতে বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে, তা মানুষের কাছে তুলে ধরা গণমাধ্যমের নৈতিক দায়িত্ব।’
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘জাতির পিতা শেখ মুজিব’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
গণযোগাযোগ অধিদপ্তর পরিচালিত গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় বইটি প্রকাশ করা হয়েছে। ২০০ পৃষ্ঠার বইটিতে ১৯৪০ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বঙ্গবন্ধুর জীবনকালের বিভিন্ন ঘটনার আলোকচিত্র ও বক্তৃতার উদ্ধৃতি সন্নিবেশিত রয়েছে।
প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফারুক আহমেদ এবং প্রকল্প পরিচালক দেওয়ান ওমর ফারুক অনুষ্ঠানে বক্তব্য দেন।
তথ্যমন্ত্রী বলেছেন, ‘জাতির উন্নয়ন-অগ্রগতি যদি অব্যাহত রাখতে হয়, দেশকে যদি স্বপ্নের ঠিকানায় পৌঁছে দিতে হয়, হতাশাগ্রস্ত মানুষ দিয়ে তা সম্ভব নয়। সব সময় খারাপ সংবাদ পরিবেশন করলে মানুষ হতাশাগ্রস্তই হবে। কোনো নেতিবাচক খবরের যদি সংবাদমূল্য থাকে, তবে তা অবশ্যই প্রকাশিত হবে। কিন্তু আজ বাংলাদেশ যে পাকিস্তান ও ভারতকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে, সে অগ্রগতির কথাটাও মানুষকে জানানো অত্যন্ত প্রয়োজন।’
নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপের বিষয়ে বিএনপির বিরূপ মন্তব্য প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘গতবারও রাষ্ট্রপতির সংলাপের মাধ্যমেই নির্বাচন কমিশন গঠিত হয়েছে। কমিশনের অনেক সিদ্ধান্তের সাথে সময়ে সময়ে দ্বিমত পোষণকারী এবং কেউ কেউ যাকে বিএনপিপন্থী বলেন, সেই মাহবুব তালুকদারও সংলাপের মাধ্যমেই নির্বাচন কমিশনার হিসেবে স্থান পেয়েছেন। সেটিই প্রমাণ করে যে এই পদ্ধতিতে নির্বাচন কমিশন গঠন ঠিক ছিল এবং সংলাপ কার্যকর।’
বিএনপি নেতিবাচক রাজনীতি থেকে সরে আসবে, এ আশা প্রকাশ করে তথ্যমন্ত্রী বলেন, ‘তাদের কোনো বিষয়ে আপত্তি থাকলে, সেটিও তারা সংলাপে অংশ নিয়ে রাষ্ট্রপতিকে বলে আসতে পারবেন। এটিই গণতান্ত্রিক রীতিনীতি। তারা যেটা রাজপথে বলছেন, সেটি তারা সংলাপে বলতে পারেন।’
নারী ক্ষমতায়নের কারণে দেশ এত দূর এগিয়েছে: তথ্যমন্ত্রী
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বনানীর একটি হোটেলে বেসরকারি সংস্থা ‘উইমেন লিডারশিপ কর্পোরেশন’ আয়োজিত ‘লাইফস্টাইল অ্যান্ড ব্রাইডাল ইন্ডাস্ট্রি অ্যাওয়ার্ড অ্যান্ড এক্সপো ২০২১—ম্যাজেস্টিক এফেয়ার’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, ‘নারীর ক্ষমতায়নের কারণে আজ দেশ এত দূর এগিয়েছে। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী চিন্তার কারণেই দেশে নারীর ক্ষমতায়ন ঘটেছে। দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের ঠিকানায় পৌঁছাতে উদ্যোক্তা হিসেবে নারীদের এগিয়ে আসার বিকল্প নেই।’
অনুষ্ঠানে মারিয়া মৃত্তিক, নুসরাত চৌধুরী, পারসা ফাতেমা, নবী ইসমাইল প্রমুখ নারী উদ্যোক্তা তাদের সাফল্যের কথা তুলে ধরেন। আয়োজকদের পক্ষে লাইফস্টাইল ও বিবাহসজ্জা শিল্প উদ্যোক্তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
