দিল্লিতে কারখানায় আগুনে নিহত-৪৩

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

টেকনাফ টুডে ডেস্ক : ভারতের রাজধানী নয়াদিল্লির কাছে একটি কারখানায় আগুন লেগে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে রানি ঝানসি সড়কের অনজ মান্দি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় কারখানার শ্রমিকরা ভেতরে ঘুমিয়েছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, ভয়াবহ ওই অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে আগুন লাগার সময় কারাখানার ভেতরে অন্তত ৫০ জন শ্রমিক অবস্থান করছিল। পরে প্রায় ৩০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

কারখানায় ব্যাগ উত্পাদন ইউনিটের কাছের একটি জায়গা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, কারখানার ভেতরে আটকা পড়া অনেককে উদ্ধার করে দ্রুত রাম মনোহর লোহিয়া হাসপাতাল ও হিন্দু রাও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আগুন নেভাতে ঘটনাস্থলে অগ্নিনির্বাপণকারী ট্রাক পাঠানো হয়। বর্তমানে সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অগ্নিকাণ্ডের এই ঘটনাকে ভয়াবহ বলে বর্ণনা করেছেন এবং নিহতদের পরিবারের জন্য প্রার্থনা করেছেন।