বার্তা পরিবেশক : হ্নীলা দক্ষিণ লেদা শেখ রাসেল স্মৃতি সংসদের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
২১ ফেব্রুয়ারী মহান মাতৃভাষা দিবস উপলক্ষ্যে রাত প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। সকাল ৯টায় জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৯টায় এক র্যালী শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শেখ রাসেল স্মৃতি সংসদের অস্থায়ী কার্যালয়ে মিলিত হয়। এরপর সকাল সাড়ে ১০টায় এক আলোচনা সভা ইমাম হোসাইনের সভাপতিত্বে ও মুহাম্মাদ রাসেল পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ রাসেল স্মৃতি সংসদের উপদেষ্টা ফরিদুল আলম, উপদেষ্টা আব্দুস শুক্কুর, নুরুল করির, নুর আলম, প্রবীণ মুরুব্বি আবুল হোছন, নুর আহম্মদ, আক্তার হোছাইন, জাকির হোসেন প্রমুখ।
এতে বক্তারা বলেন, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারী রাষ্ট্র ভাষা বাংলার দাবীতে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে সালাম, রফিক, জব্বার, বরকত ও শফিকসহ নাম না জানা অনেক ছাত্র জনতা শহীদ হয়। তখন পাকিস্তানী শাসকগোষ্ঠীর গুলিতে আরো অনেকে নিহত হয়। সেই রক্তের বিনিময়ে অর্জিত বাংলা ভাষা সঠিক ব্যবহার করা জরুরী। এই অর্জনের চেতনাকে বুকে ধারণ করে সমৃদ্ধ দেশ ও জাতি গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানানো হয়। সভাশেষে ভাষা শহীদের আতœার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
