ডেনমার্কের সাথে প্রীতি ম্যাচে ড্র করল জার্মানি

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

টেকনাফ টুডে ডেস্ক : অস্ট্রিয়ায় দুই দলের প্রস্তুতি ম্যাচ ১-১ ড্র হয়েছে। দুটি গোলই হয়েছে বিরতির পর। ফ্লোরিয়ান নেহাস জার্মানিকে এগিয়ে নেওয়ার পর সমতা টানেন ইউসুফ পোলসেন।

এই ম্যাচ দিয়ে প্রায় দুই বছর পর জার্মানির হয়ে মাঠে নামলেন টমাস মুলার ও মাটস হুমেলস।

গত এপ্রিলের শুরুতে নিজেদের সবশেষ ম্যাচে বিশ্বকাপ বাছাইয়ে নর্থ মেসিডোনিয়ার বিপক্ষে হারা জার্মানি প্রথম লক্ষ্যে শট রাখতে পারে ম্যাচের দ্বাদশ মিনিটে। ১০১তম ম্যাচ খেলতে নামা মুলারের হেড গোলরক্ষককে পরাস্ত করতে পারেনি।

ম্যাচের ৪৪তম মিনিটে সের্গে জিনাব্রির শট ক্রসবারে লেগে প্রতিহত হয়। প্রথমার্ধে তেমন একটা সুবিধা করতে পারেনি ডেনমার্ক।

দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে অপেক্ষা শেষ হয় জার্মানির। রবিন গোজেন্সের ক্রস হেডে গোলমুখে বাড়ান মুলার। ভিড়ের মধ্যে ঠিকমত শট নিতে পারেননি জসুয়া কিমিচ। সেই বল পেয়ে কাছ থেকে সহজেই লক্ষ্যভেদ করেন নেহাস।

গত নভেম্বরের পর এই প্রথম গোল হজম করলেন ড্যানিশ গোলরক্ষক কাসপের স্মাইকেল।

পিছিয়ে পড়ার পর গোলের জন্য মরিয়া হয়ে উঠা ডেনমার্ক ৭১তম মিনিটে ফেরায় সমতা। ক্রিস্তিয়ান এরিকসেনের অসাধারণ থ্রু পাস পেয়ে ঠাণ্ডা মাথায় কাছের পোস্ট দিয়ে নিচু শটে মানুয়েল নয়ারকে পরাস্ত করেন পোলসেন। ম্যাচে এই একটি শটই লক্ষ্যে রাখতে পারে তারা।

ছয় মিনিট পর পোস্টের বাধায় জালের দেখা পাননি কিমিচ। শেষ দিকে গোলের জন্য মরিয়া চেষ্টা চালিয়েও জালের দেখা পায়নি কোনো দলই।