ছেঁড়াদ্বীপ ভ্রমণের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবীতে সেন্টমার্টিনে ধর্মঘট ও মানব বন্ধন পালিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

টেকনাফ টুডে ডটকম :
ছেঁড়াদ্বীপ ভ্রমণের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবীতে সেন্টমার্টিনে ধর্মঘট ও মানব বন্ধন পালিত হয়েছে। সেন্টমার্টিন বোট মালিক সমিতি, ভ্যান চালক ও ব্যবসায়ীরা যৌথভাবে রোববার সকাল থেকে সন্ধা পর্যন্ত ধর্মঘট পালন করে। এসময় দোকান পাট বন্ধ রাখা হয়। পাশাপাশি দ্বীপে চলাচলকারী রিকসা ভ্যান ও চলেনি। টেকনাফ সেন্টমাটিন নৌ রুটের সার্ভিস বোট গুলোও বন্ধ রাখা হয়। আগামী তিনদিন এ কর্মসূচী অব্যাহত থাকবে বলে জানান তারা। দুপুরে এক মানব বন্ধন সেন্টমার্টিন বাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এতে সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমদ, ইউপি মেম্বার হাবিব খান, বোট মালিক সমিটির সভাপতি সৈয়দ আলমসহ অনেকে বক্তব্য রাখেন। এতে বক্তারা বলেন, ৪ মাসের আয় দিয়ে ১২ মাসের জীবিকা নির্বাহ করতে হয় দ্বীপের বাসিন্দাদের। সম্প্রতি পরিবেশ অধিদপ্তর ছেড়াদ্বীপ ভ্রমণের উপর নিষেধাজ্ঞা আরোপ করে ফলে গত ৩ মাসে ৭ বার সেন্টমার্টিন ভ্রমণ বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন। এতে পর্যটন কেন্দ্রীক জীবিকা নির্বাহ করা মানুষ গুলো ক্ষতির শিকার হচ্ছে। অপরদিকে সেন্টমার্টিনে বহুতল ভবন নির্মাণ অব্যাহত থাকলেও পরিবেশ অধিদপ্তর সেগুলো বন্ধ করতে পারছে না। প্রসঙ্গত গত বছরের অক্টোবর মাস থেকে সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে পরিবেশ অধিদপ্তর।