ডুলাহাজারা ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভায় নৌকা প্রার্থী হিসেবে সর্বাধিক ভোট পেয়েছেন কলি

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

নিজস্ব প্রতিবেদক : আগামী ২৩ ডিসেম্বর চতুর্থধাপে অনুষ্ঠিতব্য নির্বাচনে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের প্রার্থী মনোনয়নে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৩ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভায় সভাপতিত্ব করেন ডুলাহাজারা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা.আজিজুল মান্নান।
ডুলাহাজারাস্থ বনবিভাগের ডাকবাংলোতে ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনছুর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন ডুলাহাজারা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল এহেছান চৌধুরী সাইফুল, সহসভাপতি মোহাম্মদ আলম, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক রোস্তম গনী মাহমুদ, চেয়ারম্যান পদে দলের মনোনয়ন প্রত্যাশী প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মোক্তার আহমদ চৌধুরী, মনোনয়ন প্রত্যাশী প্রার্থী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহনেওয়াজ তালুকদার, নৌকার মনোনয়ন প্রত্যাশী আওয়ামীলীগ নেতা কলিম উল্লাহ কলি, মনোনয়ন প্রত্যাশী প্রার্থী ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক হাসানুল ইসলাম আদর ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মিনহাজ হোছাইন জিকু।
এছাড়াও বর্ধিত সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন ডুলাহাজারা ইউনিয়ন আওয়ামীলীগের আওতাধীন ১০টি ওয়ার্ড ইউনিট কমিটির সভাপতি সম্পাদক। সভায় উপস্থিত শেষে সকলের সম্মতিক্রমে ২৩ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে ডুলাহাজারা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের প্রার্থী মনোনয়নের জন্য গোপন ভোট অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের ১০টি ওয়ার্ডের ২০ জন সভাপতি সম্পাদকের মধ্যে ১৯জন উপস্থিত থেকে গোপনকক্ষে ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট গ্রহন শেষে ফলাফলে ডুলাহাজারা ইউনিয়নে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী হিসেবে কলিম উল্লাহ কলি পেয়েছেন সর্বাধিক ১৫ ভোট। আর অপর প্রার্থী হাসানুল ইসলাম আদর পেয়েছেন তিন ভোট এবং শাহনেওয়াজ তালুকদার পেয়েছেন মাত্র এক ভোট। এরই আলোকে ইউনিয়ন আওয়ামীলীগ নৌকার প্রার্থী হিসেবে সর্বাধিক ভোটে নির্বাচিত কলিম উল্লাহ কলিকে ১ নং দেখিয়ে চকরিয়া উপজেলা আওয়ামীলীগের মাধ্যমে কক্সবাজার জেলা আওয়ামীলীগের কাছে সাংগঠনিক রির্পোট প্রেরণ করেছে। ##