জসিম উদ্দিন টিপু : টেকনাফ উপজেলার ৫টি ইউনিয়নে উপকারভোগী ৭শ ১৯জন নারী-পুরুষের মধ্যে সুরক্ষা সামগ্রী (পিপিআই) এবং বিকাশের মাধ্যমে নগদ টাকা বিতরণ করা হয়েছে।
জানা যায়, ২২জুন দুপুরে টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারী উন্নয়ন সংস্থা রিকের উদ্যোগে টেকনাফ উপজেলার উপকারভোগী ৭শ ১৯জন নারী-পুরুষের মধ্যে সুরক্ষা সামগ্রী (পিপিআই) এবং বিকাশের মাধ্যমে নগদ টাকা বিতরণ অনুষ্ঠান শুরু হয়। রিক-এর প্রজেক্ট কো-অর্ডিনেটর মুহাম্মদ মোনায়েম হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম সাইফ। বিশেষ অতিথি ছিলেন টেকনাফ সদর ইউপির প্যানেল চেয়ারম্যান আবু ছৈয়দ। সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি বলেন, বর্তমানে চলমান করোনা মহামারীতে নিজেদের এবং পরিবার-পরিজনদের সামাজিক দূরত্ব মেনে সুরক্ষা রাখা খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রথমে নিজে সুরক্ষিত থেকে পরিবারের অপর সদস্যদের সুরক্ষা করে করোনাভাইরাস থেকে রেহায় পাওয়া সম্ভব মনে মন্তব্য করেন। তাই সকলকে সুরক্ষা সামগ্রী ব্যবহার করে সুরক্ষিত থাকার আহবান জানান।
এরপর আনুষ্ঠানিকভাবে টেকনাফ সদর ইউপির ১শ ৩৫জন, হ্নীলা ইউপির ২শ ২৮জন, হোয়াইক্যং ইউপির ১শ ৬৪জন এবং বাহার ছড়ার ১শ ৯২জনসহ মোট ৭শ ১৯জন নারী-পুরুষের মধ্যে এই সুরক্ষা সামগ্রীর পাশাপাশি বিকাশের মাধ্যমে নগদ টাকা বিতরণ করা হয়। ###
