ডেস্ক নিউজ :
টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর টেকনাফ সার্কেল সদস্যরা পৌরসভার কুলাল পাড়া এলাকায় বসতবাড়ীতে অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবা উদ্ধার করেছে। এসময় বাড়ির মালিক
মৃত ছাব্বির আহমদের ছেলে করিম উল্লাহ (৪৫) কে আটক করেন।
কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোমেন মন্ডল জানান, সোমবার (১৭ জুন) সকাল সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ধৃতের বসত বাড়িতে অভিযান চালিয়ে বাড়ীর নিচ তলার একটি কক্ষ হতে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। এই সময় এই ইয়াবা গুলো নিজ হেফাজতে লুকিয়ে রাখার অপরাধে বাড়ীর মালিক করিম উল্লাহ (৪৫) কে আটক করা হয়।
এঘটনায় আটক করিম উল্লাহকে আসামী করে মাদক আইনের সংশ্লিষ্ট ধারা মোতাবেক টেকনাফ মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এদিকে করিম উল্লাহ আটকের ঘটনায় প্রতিবেশীরা হতবাক। তারা জানান, দীর্ঘ ১৫ বছর সৌদী আরবে প্রবাস জীবন শেষে অর্জিত টাকায় মার্কেট, বাড়ি-গাড়ী নিয়ে করিম উল্লাহর ভালই দিন যাচ্ছিল। কিন্তু কিভাবে সে মাদক চক্রে জড়ালো তা বোধগম্য হচ্ছে না তাদের কাছে। কোন তালিকায় করিম উল্লাহর নাম থাকার কথা তারা শুনেননি কিংবা চিহ্নিত মাদক ব্যবসায়ীও ছিলেন না বলে জানান তারা।
এব্যাপারে গভীর অনুসন্ধান চালিয়ে প্রকৃত রহস্য বের করার দাবী জানান তারা।
