নিজস্ব প্রতিবেদক : টেকনাফে পবিত্র জুমার নামাজ আদায়ের মধ্যদিয়ে শুভ উদ্বোধন করা হয়েছে লেঙ্গুরবিল গাউছিয়া জামে মসজিদের। এতে গাউছিয়া তরিকত মেনে দ্বীনি প্রচারে সবাইকে এগিয়ে আসার আহবান জানানো হয়েছে।

১লা এপ্রিল দুপুর জুমার নামাজ পূর্ব এক আলোচনা সভা টেকনাফ উপজেলা গাউছিয়া কমিটি (দক্ষিণ) ও গাউছিয়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি এবং টেকনাফ প্রেসক্লাবের আহবায়ক আলহাজ¦ মোহাম্মদ ছৈয়দ হোছাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মসজিদের ঈমাম মৌলানা সরওয়ার কামালের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গাউছিয়া কমিটির চেয়ারম্যান আলহাজ¦ পিয়ার মোহাম্মদ, বিশেষ অতিথি ছিলেন যুগ্ন-মহাসচিব আলহাজ¦ এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার, সাংবাদিক মোঃ আশেক উল্লাহ ফারুকী। এতে এলাকাবাসী ও সুন্নী তরিকতের মেহমানগণ উপস্থিত ছিলেন। এতে বক্তারা সুন্নী তরিকতের প্রসার এবং তা ধরে রাখার জন্য গাউছিয়া পরিচালিত মসজিদ-মাদ্রাসার উপর গুরুত্বারোপ করেন।
এই মসজিদের প্রতিষ্ঠাতা আলহাজ¦ মোহাম্মদ ছৈয়দ হোছাইনের ঈমামতিতে পবিত্র জুমার নামাজ আদায়ের পর দেশ ও জাতির জন্য বিশেষ মঙ্গল কামনা করে এই গাউছিয়া জামে মসজিদের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। এরপর উপস্থিত সকলের মধ্যে তবরুক বিতরণ করা হয়। ###
