এম এ হাসান : টেকনাফের উপকূলীয় বাহারছড়ায় শণ খোলায় কাজ করতে গিয়েই এক কৃষক পাহাড়ি ডাকাত দলের হাতে অপহরণের শিকার হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) সকাল ৮টারদিকে উপজেলার বাহারছড়া ইউপির ৭নং ওয়ার্ড মারিশবনিয়া পাহাড়ি এলাকার শণ খোলায় কাজ করতে যায় এলাকার ৩জন কৃষক। কর্মরত অবস্থায় হঠাৎ পাহাড়ি অস্ত্রধারীরা অস্ত্র ঠেকিয়ে মারিশবনিয়া গ্রামের বাসিন্দা মৃত আব্দুল মালেক এর পুত্র মোঃ দেলোয়ার (২৫) কে ধরে নিয়ে যায়। অপর ২জন কোন রকমে পালিয়ে আসতে সক্ষম হয়।
বাহারছড়া ইউপির ৭নং ওয়ার্ডের ইউপি মেম্বার ফরিদ উল্লাহ বলেন, সকালে ৩জন কৃষক পাহাড় শন খোলায় কাজ করতে যায়। এসময় পাহাড়ি অস্ত্রধারীরা তাদের ধাওয়া করলে ২জন ফিরে আসে। দেলোয়ার নামের একজনকে পাহাড়ি অস্ত্রধারীরা ধরে নিয়ে যায়। তার পরিবারে চলছে কান্নার আহাজারি।
অপহরণের বিষয়ে জানতে চাইলে, বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) শোভন সাহা বলেন, বিষয়টি শোনার পরই ঘটনা স্থলে আমাদের উদ্ধার টিম পাঠিয়েছি। এলাকার মানুষ নিয়ে আমরা পাহাড়ে ঢুকবো। তবে পাহাড়ি সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে।###
