কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে দেশীয় তৈরী দুটি অগ্নেয়াস্ত্রসহ নুর আহমদ (২৫) নামের এক সন্ত্রাসীকে আটক করেছে বিজিবি।
সে টেকনাফ সদরের গোদারবিল এলাকার মকবুল আহমদের ছেলে।
আজ শুক্রবার ভোরে গোদারবিল এলাকার ইমাম হোসেনের বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান।
বিজিবি অধিনায়ক জানান, সম্প্রতি টেকনাফ উপজেলার গোদার বিল ও মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় স্থানীয় একটি সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকান্ডের তথ্যের ভিত্তিতে ভোরে গোদারবিল এলাকায় অভিযান চালায় বিজিবি।
অভিযান কালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকার বাসিন্দা ইমাম হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে সন্ত্রাসী নুর আহমদকে আটক করা হয় এবং কয়েকজন পালিয়ে যায়। এসময় একটি দেশীয় পাইপগান ও একটি ওয়ান সুটারগান উদ্ধার করা হয়।
ধৃত ব্যক্তিকে আইনীপ্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন বিজিবি’র এই কর্মকর্তা।