টেকনাফে সমিতির নামে সড়ক ও জনপথ বিভাগের জমি দখল : দেখার কেউ নেই

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

নুরুল করিম রাসেল, টেকনাফ টুডে ডটকম |
টেকনাফে সড়ক ও জনপথ বিভাগের জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ করলেও দেখার কেউ নেই। টেকনাফ পৌর এলাকায় প্রধান সড়কের দুই পাশে সড়ক বিভাগের জমিতে দখলদাররা অবৈধভাবে এ স্থাপনা নির্মাণ করছে। শুধু তাই নই দস্তুরমত নির্মাণ কাজের সাইনবোর্ড লাগিয়ে চলছে অবৈধ এ স্থাপনা নির্মাণ।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) সরেজমিন পরিদর্শনে দেখা যায়, পৌর এলাকার প্রধান সড়কের দুইপাশে অবৈধভাবে গড়ে উঠেছে কাঁচা পাকা অসংখ্য স্থাপনা। আর এসব স্থাপনা নির্মাণ করে দখলদাররা সেখানে চালিয়ে যাচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান, দোকান, ক্লাব, নার্সারী, ইট বালুর ব্যবসাসহ নানা ধরনের বানিজ্যিক কর্মকান্ড। এতে সংকোচিত হয়ে পড়ছে ফুটপাত, দখল হয়ে যাচ্ছে সড়ক বিভাগের জমি। ফলে যানজট নিত্য নৈমত্তিক ব্যাপার হয়ে দাড়িয়েছে। আবার এসব জমির অবৈধ দখল প্রতিষ্ঠা করতে গিয়ে দাঙ্গা-হাঙ্গামা ও মামলার ঘটনাও ঘটছে।

এরই মাঝে নতুন করে টেকনাফ পৌর এলাকার পুরাতন ট্রান্সপোর্ট এলাকায় পল্লী বিদ্যুৎ সংলগ্ন সড়কের পাশে জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণের কাজ শুরু করেছে টেকনাফ বাস স্টেশন যুব সমাজ একতা সমবায় সমিতি লিমিটেড (রেজি নং- ২২৫৬, স্থাপিত ২০-০৪-২০১৭) নামে একটি সংগঠন। শুধু তাই নই এ সংগঠনের নাম দিয়ে দস্তুরমত নির্মাণ কাজ চলার সাইনবোর্ডও টাঙ্গানো হয়েছে দখলকৃত জমিতে।

এব্যাপারে টেকনাফ বাস স্টেশন যুব সমাজ একতা সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি জিয়াউর রহমান ও সাধারন সম্পাদক মোঃ আলমগীরের কাছে অবৈধ দখলের ব্যাপারে জানতে চাইলে জানান, এখানে সমিতির অফিস ঘর করার জন্য নির্মাণ কাজ চলছে। সরকার চাইলে আমরা জমি ছেড়ে দেব।

সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী শফিক রায়হান জানান, সড়কের জমিতে অবৈধ দখলদারদের চিহ্নিত করা হয়েছে। শিগগিরই অবৈধ দখল উচ্ছেদ করা হবে।