রোববার দিনগত রাতে টেকনাফ বাস টার্মিনাল এর শিল্প মেলায় চলা জুয়ার দৃশ্য গোপন ক্যামেরায় ধারনকৃত
বিশেষ প্রতিনিধি : টেকনাফে শিল্প মেলায় চলছে লটারী ও জুয়া খেলা। এতে সর্বশান্ত হচ্ছে সাধারন মানুষ। এ নিয়ে অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় গত কয়েকদিন ধরে সচিত্র সংবাদ প্রকাশিত হলেও টনক নড়েনি মেলা কর্তৃপক্ষের। কোন কিছুর তোয়াক্কা না করে মেলার নামে লটারী ও জুয়া চলতে দেখা গেছে।
রোববার রাতেও যথারীতি মেলায় বেশ কয়েকটি জুয়ার আসর চলতে দেখা গেছে।
কয়েকদিন আগে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে মেলায় অবৈধ কর্মকান্ড না চালাতে অভিযান চালানো হয় বলে জানা গেছে।
এরপরও মেলা কর্তৃপক্ষ শিল্প মেলার নাম দিয়ে প্রতিরাতে জুয়ার আসর অব্যাহত রেখেছে। এতে সর্বশান্ত হচ্ছে সাধারন মানুষ। এছাড়া ছাত্র-যুবকদেরও জোয়ার আসরে হুমড়ি খেয়ে পড়তে দেখা গেছে। অবৈধ এ জুয়ার আসর চলে গভীর রাত পর্যন্ত। প্রতি রাতে লাখ টাকা দর উঠে জুয়া বোর্ডের। আর এ জুয়ার বোর্ডের কর্তৃত্ব পেতে রীতিমত কাড়াকাড়িও চলে। গত কয়েকদিন ধরে পুরাতন পল্লান পাড়ার নুরুল আলমের নেতৃত্বে জোয়ার আসর চললেও রোববার রাতে তা পরিবর্তন হয়ে ভিন্ন ব্যক্তিদের জুয়া পরিচালনা করতে দেখা গেছে।
একটি সূত্র জানিয়েছে, সংশ্লিষ্ট সব মহলকে ম্যানেজ করেই চালানো হচ্ছে জুয়ার আসর।
প্রশাসন ও আইন শৃংখলা বাহিনী কাউকে তোয়াক্কা না করে জোয়ার আসর চালিয়ে চালিয়ে যাওয়ায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে এসব জুয়ারীদের খুঁটির জোর কোথায় !
এমনকি ওলামা পরিষদ নামে একটি সংগঠন মেলায় অবৈধ কর্মকান্ড বন্ধ করতে কয়েকদিন আগে ২৪ ঘন্টার আলটিমেটাম দিলেও শেষ পর্যন্ত তারাও পিছু হটে বলে জানা গেছে। তবে ওলামা পরিষদের ঘনিষ্ট একটি সূত্র জানিয়েছে মেলা কর্তৃপক্ষ জুয়া সহ অবৈধ কর্মকান্ড মেলায় চালাবে না বলে ওলামাদের মৌখিকভাবে আশ্বস্থ্ করে কর্মসূচী হতে তাদেরকে কৌশলে সরিয়ে দেয়।
এতে সাধারন মানুষের মাঝে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।
উল্লেখ্য টেকনাফ পৌরসভার বাস টার্মিনাল এলাকায় গত ৫ এপ্রিল শিল্প ও বানিজ্য মেলা নামে এ মেলা শুরু হয়। প্রথম দিকে সার্কাসসহ বিভিন্ন বিনোদনমূলক আয়োজন থাকলেও কয়েকদিন পর জুয়া ও লটারী শুরু করে মেলা কর্তৃপক্ষ।

