মোঃ আলমগীর, টেকনাফ ::
কক্সবাজারের টেকনাফে উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের জন্য ৪০ শতক জমি দান করেছেন সাবেক সাংসদ আব্দুর রহমান বদি।
বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলা সাব রেজিস্ট্রার মুজিবুর রহমান এর কার্যালয়ে এক অনাড়ম্ভর অনুষ্ঠানের মধ্য দিয়ে দানকৃত জমির দলিলের রেজিস্ট্রি সম্পন্ন করেন।
দানকৃত ভূমি ৪০ শতক। যাহার সরকারি মৌজাওয়ারী রেটে জমির বর্তমান মূল্য প্রায় দুই কোটি টাকা বলে জানা যায়।
ইতিমধ্যে দানকৃত জমিতে নির্মাণ কাজ শুরু করেছে ইসলামী ফাউন্ডেশন।
পরে নির্মাণকাজ পরিদর্শন ও দোয়া পরিচালনা করা হয়।
দোয়া পরিচালনা করেন টেকনাফ আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসার প্রধান পরিচালক মুফতি কেফায়াতুল্লাহ শফিক।
উক্ত দলিল রেজিস্ট্রি ও দোয়া মাহফিলে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন এর কক্সবাজার জেলার উপ-পরিচালক ফাহমিদা বেগম, সহকারি পরিচালক ইসলামিক ফাউন্ডেশন মোঃ সরওয়ার আকবর, টেকনাফ আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসার প্রধান পরিচালক মুফতি কেফায়াতুল্লাহ শফিক। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও দলিল লেখক সরওয়ার আলম, টেকনাফ ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ নুরুল ইসলাম সরকার, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের কেয়ারটেকার শাব্বির আহম্মদ, উপজেলা দলিল লেখক মোঃ ইউনুস আনসারী, পৌর ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর প্রমূখ।
জানা যায়, বাংলাদেশ সরকার ঘোষিত সারা দেশে ৫৬০টি উপজেলায় একটি করে মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র তৈরির করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার উখিয়া-টেকনাফ (পৌরসভা) টেকনাফ পৌর এলাকার ৭নং ওয়ার্ড চৌধুরী পাড়া এলাকায় বদি এই জমি দান করেন।

এরই মধ্য দিয়ে সকল জল্পনা-কল্পনা এবং জটিলতার অবসান ঘটিয়ে প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে ইসলামিক ফাউন্ডেশনের মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের জন্য পুরোদমে শুরু হয়েছে।
মসজিদের জন্য জায়গা না পেয়ে দীর্ঘদিন যাবৎ অবকাঠামোগত কাজ পিছিয়ে ছিলো। সাবেক সাংসদ আলহাজ্ব আব্দুর রহমান বদি’র ঐকান্তিক প্রচেষ্টায় অবশেষে মিলে যায় মসজিদের জন্য জমি।
