হুমায়ূন রশিদ :- টেকনাফে বিজিবি জওয়ানেরা পৃথক অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবার চালান উদ্ধার করেছে। এই ঘটনায় এক রোহিঙ্গা নাগরিককে গ্রেফতার করা হয়েছে।
সুত্র জানায়,গত ১৫এপ্রিল-২০২৫ইং রাত সাড়ে ৭টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের টেকনাফ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযানের লক্ষ্যে একটি নৌ টহল দলকে বিআরএম-৬ থেকে প্রায় ৯শ মিটার উত্তর-পূর্ব দিকে বাংলাদেশ পার্শ্বে নাফ নদীতে মাদক পাচারকারীদের আটক করতে নিয়োজিত করা হয়। কিছুক্ষণ পর মায়ানমার হতে নজরদারীতে থাকা এলাকা দিয়ে একটি নৌকা সীমান্ত শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে। পরে নৌ টহল নৌকাটি ধাওয়া করলে নৌকায় অবস্থানরত চোরাকারবারীরা নদীতে নৌকাটিকে ফেলে নাফ নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরিয়ে সীমান্ত অতিক্রম করে মায়ানমারের দিকে চলে যায়। পরে টহলদল নৌকাটিকে টেকনাফ জেটিঘাটে নিয়ে এসে তল্লাশী করলে নৌকার পাটাতনের নীচে লুকায়িত অবস্থায় ২০হাজার পিস মালিকবিহীন ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।
অপরদিকে ১৫ এপ্রিল ২০২৫ইং রাত পৌনে ৮টারদিকে লেদা বিওপির আওতাধীন নাফ নদীর তীরবর্তী কামালের ঘেঁর এলাকায় মায়ানমার হতে নৌকাযোগে নিষিদ্ধ মাদকের একটি চালান বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহজনক নৌকাটির গতিবিধি সনাক্ত করে নজরদারীতে রাখা হয়। কিছুক্ষণ পর মাদক পাচারকারীরা সাঁতরিয়ে মাদক নিয়ে তীরে আসার বিষয়টি গোচরীভূত হলে এলাকাটি ঘিরে রেখে তল্লাশী কার্যক্রম পরিচালনা করে বিআরএম-১১ থেকে প্রায় ৫শ মিটার দক্ষিণ-পূর্বে কামালের ঘেঁর এলাকায় অভিযান চালিয়ে এক রোহিঙ্গা নাগরিকের হাতে থাকা ২টি পোটলার ভিতর হতে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আশিকুর রহমান (পিএসসি) জানান, আটককৃত আসামীকে জব্দকৃত ইয়াবাসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।###
