নিজস্ব প্রতিনিধি : টেকনাফে বন পাহারা দলের (সিপিজি) তিন সদস্য নিখোঁজ রয়েছে। নিখোঁজ বন কর্মীরা অপহরণের শিকার হয়েছে বলে ধারনা করা হচ্ছে। এব্যাপারে বন বিভাগের পক্ষ থেকে স্থানীয়দের সাথে নিয়ে নিখোঁজ ব্যক্তিদের সন্ধান চালানোর পাশাপাশি আইন শৃংখলা বাহিনীকে বিষয়টি জানানো হয়েছে। তবে এখনো কেউ মুক্তিপণ দাবী না করায় বিষয়টি অপহরণ নাকি অন্যকিছু তা নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে।
১লা সেপ্টেম্বর (শুক্রবার) বিকেলে হ্নীলা ইউনিয়ন দমদমিয়া নেচারপার্ক এলাকা থেকে নিখোঁজের এ ঘটনা ঘটেছে।
অপহৃতরা হলেন,টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার আবদু শুক্কুরের ছেলে আবদুর রহিম (৪৬), বকছু মিয়ার ছেলে আবদুর রহমান (৪২) ও আবদুল মালেকের ছেলে মো. শাকের(২০) ।
নিখোঁজের বিষয়টি স্বীকার করে টেকনাফ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মিজানুর রহমান জানান, কমিউনিটি পেট্রোলিং গ্রুপের (সিপিজি) তিন সদস্য সকাল দশটার দিকে ন্যাচার পার্ক এলাকায় বন পাহারায় যান। দুপুরে নামাজ ও খাবারের জন্য ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাদের খোঁজ নিতে থাকেন। পরে বিকাল তিনটার দিকে বন বিভাগ বিষয়টি অবগত হলে ঘটনাস্থলে গিয়ে তাদের খোঁজাখুঁজি করেন। র্যাব পুলিশ সহ সকল আইন শৃংখলা বাহিনীকে বিষয়টি জানানো হয়েছে।
কিন্তু রাতে এ রিপোট লেখা পর্যন্ত তাদের খোঁজ মেলেনি।
এ ঘটনায় পাহাড়ী দূর্বৃত্তদলের জড়িত থাকার আশংকা করছেন পরিবার।
